বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট চাঁপাইনবাবগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার দুটি নারী বুথে নৌকা প্রতীকের একদল সমর্থক ঢোকেন। তাঁরা কয়েকজন ভোটারকে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করেন। এ ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে।
কেন্দ্রটিতে গতকাল বেলা সোয়া ১১টার দিকে ১৫ মিনিট ধরে জোর করে ভোট দেওয়ার এ তৎপরতা চলে। এর কিছুক্ষণ পর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম কেন্দ্রটি পরিদর্শনে গেলে তাঁর কাছে এই অভিযোগ করেন জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক শাহজাহান আলী। এ সময় তিনি প্রথম আলোর কাছেও এই অভিযোগ করেন। এ ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন জেলা জাপার সভাপতি নজরুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসিনুর রহমান বলেন, ‘এ সময় আমি দোতলার কক্ষে ছিলাম। খবর পেয়ে নিচে নেমে এসে নৌকার সমর্থকদের এ তৎপরতা বন্ধ করে দিই। তাঁদের ভোটকক্ষ থেকে বের করে দিই। এরপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দুটি বুথে ১০ থেকে ১২ জন নারীকে জোর করে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে মহারাজপুর ইউপির ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে মনিরুল ইসলাম নামের নৌকা প্রতীকের একজন সমর্থক ব্যালট পেপারে প্রকাশ্য সিল দেওয়ার জন্য দাবি জানান। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা কামরুল আহসান এ দাবি নাকচ করে দেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত মহারাজপুর, সুন্দরপুর, রানিহাটি ও বারঘরিয়া ইউপির বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতিই বেশি দেখা যায়। এ ছাড়া ভোটকেন্দ্রগুলোর সামনে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
সুন্দরপুর ইউপির দেবত্তর বাবলা বোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বেলা ১০টার দিকে বলেন, একটু আগে পর্যন্ত ৩৫০টি ভোট দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রে কথা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বিশ্বাস ও জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ইখতিয়ার উদ্দীনের সঙ্গে। তাঁরা বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে।
অন্যদিকে নাচোল উপজেলার নাচোল, নেজামপুর ও ফতেপুর ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজারুদ্দিন জানান, দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ ভাগ।
বিকেল পাঁচটায় সদর উপজেলার ১৩টি ও নাচোল উপজেলার তিনটি ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়। এ সময়ের মধ্যে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ইউপি নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।’