বিচ্ছিন্ন চরাঞ্চলেও পৌঁছে গেছে বিদ্যুৎ

দুর্গম ১ হাজার ১৪৬ গ্রামে বিদ্যুৎ–সংযোগ দিতে নদী পারাপারে টানা হয়েছে সাবমেরিন কেব্‌ল। কোথাও গেছে সৌরবিদ্যুৎ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
ছবি: প্রথম আলো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ও কুশলা ইউনিয়ন দুটি বিলে ঘেরা। এমন বিস্তীর্ণ বিলের মধ্যেও কেউ কেউ বসবাস করে। দুই ইউনিয়নের ভিন্ন দুটি গ্রামে বিচ্ছিন্ন চারটি পরিবারকে খুঁজে পেয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বর্ষায় এসব গ্রাম থাকে প্লাবিত। প্রায় সব ধরনের নাগরিক সুবিধাবঞ্চিত ওই চার পরিবারেও পৌঁছে গেছে বিদ্যুৎ–সংযোগ। সৌরবিদ্যুৎ–সুবিধায় তাদের ঘরেও জ্বলছে আলো।

শুধু বিলের মধ্যে নয়, দুর্গম পাহাড় ও বিচ্ছিন্ন সব চরে পৌঁছে গেছে বিদ্যুৎ–সংযোগের সুবিধা। গ্রিড–সুবিধা না থাকায় এসব এলাকায় কোথাও নদী পারাপার লাইন এবং কোথাও সাগর-নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেব্‌ল। কোথাও কোথাও তা করা যায়নি। তাই বসানো হয়েছে সৌরবিদ্যুৎ (সোলার হোম সিস্টেম)। আর এভাবেই দেশের প্রতিটি জনপদে পৌঁছানো হয়েছে বিদ্যুৎ–সুবিধা। আজ সোমবার শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯২। এর মধ্যে ৪৬২টি উপজেলায় বিদ্যুৎসেবা দিচ্ছে দেশের আরইবি। এ সংস্থার কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ সরবরাহের গ্রিড নেই, এমন ১ হাজার ৫৯টি গ্রামে তাঁরা সংযোগ নিয়ে গেছেন। ফলে বিচ্ছিন্ন এসব গ্রামে দুই লাখের বেশি পরিবার বিদ্যুৎ পাচ্ছেন। নদী পারাপার লাইন তৈরি করতে হয়েছে ৯০টি জায়গায়। টানা হয়েছে মোট ১৮২ কিলোমিটার সাবমেরিন কেব্‌ল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে কর্মসূচি নেওয়া হয়। এর আগে ২০১৬ সালে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ শীর্ষক কর্মসূচি শুরু হয়। বাড়ি বাড়ি ভ্যান নিয়ে গিয়ে বিদ্যুৎ–সংযোগ দিতে আরইবি চালু করে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচি।

তারা এভাবে ২১ লাখ সংযোগ দিয়েছে। সব মিলে বেঁধে দেওয়া ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই পটুয়াখালীর কলাপাড়া এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিদ্যুতের লাইন
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত সময়ের মধ্যেই শতভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে গেছে। বিচ্ছিন্ন চরে বিদ্যুৎ–সুবিধা পেয়ে ছেলেমেয়েদের রাতে লেখাপড়ার ব্যবস্থা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বিস্তৃত হয়েছে। আর এসব কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বিচ্ছিন্ন ১ হাজার ১৪৬ গ্রামে বিদ্যুৎ

নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন একটি চর এলাকা। এই ইউনিয়নের কেন্দ্রস্থল থেকে আরও ৭ কিলোমিটার দূরের গ্রাম নওশারা সুলতানপুর। নদীভাঙা মানুষ এবং হাঁসের বাথানে কাজ করা লোকজনের বাস এখানে। মুঠোফোনে চার্জ দিতে হলেও নদী পার হয়ে বিলমারিয়ায় আসতে হতো তাঁদের। আর এখন সেখানে ৭০টি বিদ্যুৎ–সংযোগ। ৩০০ মিটার নদী পারাপার লাইন করে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আরইবি। আরইবির লালপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম খান প্রথম আলোকে বলেন, এলাকার মানুষ বিদ্যুৎ পাওয়ার কথা কখনো ভাবেনি। অথচ গত ২১ ফেব্রুয়ারি এখানে শতভাগ বিদ্যুতায়ন উদ্‌যাপন করা হয়েছে।

শুধু আরইবি নয়, বিচ্ছিন্ন জনপদে বিদ্যুৎ–সুবিধা পৌঁছে দিতে কাজ করেছে আরও তিনটি বিতরণ কোম্পানি। সব মিলে দুর্গম চর ও দ্বীপের ১ হাজার ১৪৬টি গ্রামে গেছে বিদ্যুৎ–সংযোগ। এর মধ্যে সবার আগে বিচ্ছিন্ন জনপদ সন্দীপে বিদ্যুৎ পৌঁছানোর কাজ শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ২০১৮ সালে সাগরের তলদেশে ১৬ কিলোমিটার সাবমেরিন কেব্‌ল স্থাপন শুরু করে পিডিবি। ২০২০ সালের নভেম্বরে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বদলে যাচ্ছে বিচ্ছিন্ন জনপদ

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণা বলছে, বাংলাদেশে ১০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলে তার প্রভাব সামষ্টিক অর্থনীতিতেও পড়ে। এতে অর্থনীতিতে বাড়তি যোগ হয় প্রায় ৪ কোটি ৬০ লাখ থেকে ১০ কোটি ৭০ লাখ টাকা।

বিদ্যুৎ–সুবিধায় চরের মানুষের জীবনযাত্রা বদলে যেতে শুরু করেছে। কয়েক বছর আগেও গ্রামের মানুষের একমাত্র জীবিকা ছিল কৃষি। সেখানে এখন ছোট আকারে ধানকল থেকে শুরু করে হাঁস-মুরগির খামার, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কারখানা, তাঁতশিল্প, খামার, যন্ত্রচালিত যানে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া পাঠদান সুবিধা নিশ্চিত হচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিদ্যুৎ–সুবিধা পৌঁছানোর কাজ করা আরইবি বলছে, ২ লাখ ২৯ হাজার ২৬৭টি ছোট শিল্পে বিদ্যুৎ–সংযোগ দিয়েছে তারা। শিল্পে সংযোগ দিয়েছে ১৪ হাজার ৩২০টি। বিদ্যুৎ–চালিত গাড়ির জন্য ৯ হাজার ২১৮টি ব্যাটারি চার্জিং স্টেশনে সংযোগ দেওয়া হয়েছে।

উৎপাদনক্ষমতা পাঁচ গুণ

২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেয় আওয়ামী লীগ সরকার। ২০০৯ সালে দেশে বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ছিল ২৭, তা বেড়ে এখন ১৪৮টি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৪ হাজার ৯৪২ থেকে বেড়ে হয়েছে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। উৎপাদন বেড়েছে পাঁচ গুণ। একই সময়ে সঞ্চালন লাইন বেড়েছে ৫ হাজার ২১৩ কিলোমিটার, বিতরণ লাইন বেড়েছে ৩ লাখ ৬১ হাজার কিলোমিটার। নতুন করে বিদ্যুৎ–সংযোগ হয়েছে ৩ কোটি ১৩ লাখ। এর মধ্যে সেচ–সংযোগ দ্বিগুণ হয়েছে। আজ উদ্বোধন হতে যাচ্ছে পায়রার ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র।

সহনীয় দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কত দূর

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য বলছে, গত ১১ বছরে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১০ বার। পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮৯ দশমিক ৬৩ শতাংশ দাম বেড়েছে। তবু বিদ্যুৎ খাতের ঘাটতি মেটানো যাচ্ছে না। গত বছর ১১ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে বিইআরসিতে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, জ্বালানিসাশ্রয়ী, সহনীয় মূল্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পরিকল্পনা ও সমন্বয়হীনতার অভাবে বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকার ভাড়া (ক্যাপাসিটি পেমেন্ট) দিতে হচ্ছে।

এ বিষয়ে ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শতভাগ বিদ্যুতায়নে সরকারের ঘোষিত কর্মসূচি শেষ হলো বলা যায়। কিন্তু সবাই বিদ্যুৎ পেল কি না, সেটিও বিবেচ্য বিষয়। সহনীয় দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ সামনে। যারা সংযোগ নিতে পারছে না, তাদের ক্রয়ক্ষমতা বাড়ানোর দায়িত্বও সরকারের। এসব করা না গেলে ভোক্তার জন্য শতভাগ বিদ্যুতায়নের সুফল নিশ্চিত হবে না।