বিচ্ছিন্ন চরে কোটি টাকার গুচ্ছগ্রাম, বাসিন্দা দুজন

পদ্মার বিচ্ছিন্ন চরে গুচ্ছগ্রাম। হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ—কিছুই নেই সেখানে। চলে গেছেন বরাদ্দপ্রাপ্তরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরচান্দ্রা গুচ্ছগ্রামে ৯০টি পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হলেও সেখানে বরাদ্দপ্রাপ্তদের মধ্যে জয়তুন বিবি তাঁর দৃষ্টিহীন স্বামীকে নিয়ে থাকেন। গত শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গুচ্ছগ্রামে।
ছবি: প্রথম আলো

১ কোটি ৩৫ লাখ টাকার চরচান্দ্রা গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রামটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। সেখানে বৈধ বাসিন্দা মাত্র দুজন। ষাট বছরের জয়তুন বিবি আর তাঁর দৃষ্টিহীন স্বামী আজিজ ব্যাপারী (৭০)। প্রায় এক বছর ধরে পদ্মার বিশাল ওই চরে একা থাকছেন তাঁরা। তবে মাস চারেক হলো দুই কিশোরসহ ১২ সদস্যের তিনটি পরিবার তাঁদের প্রতিবেশী হয়েছে। পাশের একটি চর নদীতে ভেঙে গেলে পরিবারগুলো এখানে আশ্রয় নেয়।

চরচান্দ্রার চারপাশে থইথই পানি। সেই চরে সার বেঁধে বানানো হয়েছে ৯০টি টিনের ঘর। তার কিছু আবার ভাঙনের কারণে নদীতে বিলীন হয়ে গেছে। ২০১৬-১৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে জেলার শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মৌজায় হতদরিদ্রদের জন্য গুচ্ছগ্রামটি নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় ‘চরচান্দ্রা গুচ্ছগ্রাম-২’। বারান্দা, রান্নাঘর, শৌচাগারসহ প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় দেড় লাখ টাকা। ২০১৯ সালের ২৬ মার্চ স্থানীয় সাংসদ নূর-ই আলম চৌধুরী ৯০টি পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন।

এখানে পৌঁছাতে স্থানীয় বাংলাবাজার ঘাট থেকে ট্রলারে প্রায় এক ঘণ্টা লাগে। নদীভাঙনে গৃহহীন পরিবারের বসবাসের জন্য এই গুচ্ছগ্রাম গড়া হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় গুচ্ছগ্রামটি ছেড়ে চলে গেছে প্রায় সব পরিবার। কেবল দৃষ্টিহীন স্বামীকে নিয়ে জয়তুন বিবি এখানে রয়ে গেছেন। তাঁরাও মাঝে মাঝে চলে যান পাশের মাতবর চরে, ছেলেদের কাছে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হলে আবার ফিরে আসেন বিরান চরে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য রাজন মাহমুদ বলেন, গুচ্ছগ্রাম করতে হলে সবার আগে সেখানে মানুষের বসবাসের জন্য ন্যূনতম সুযোগ–সুবিধা নিশ্চিত করতে হয়। চরচান্দ্রা গুচ্ছগ্রামে এসবের কিছুই নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণেই বিচ্ছিন্ন একটি চরে গুচ্ছগ্রাম করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই না করে কোটি টাকা ব্যয়ে কেন এই গুচ্ছগ্রাম করা হলো, বিষয়টি খতিয়ে দেখা উচিত।

চরচান্দ্রা গুচ্ছগ্রামে কাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, কেন মানুষ সেখানে থাকছে না, বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি সেখানে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকে, তাহলে প্রয়োজনে সেই ব্যবস্থা করে দেওয়া হবে।
রহিমা খাতুন, জেলা প্রশাসক, মাদারীপুর

গত শনিবার গুচ্ছগ্রামটিতে গেলে দেখা যায়, ঘরগুলোর বেশির ভাগের চারপাশ বড় বড় ঘাস আর লতাপাতায় ছেয়ে আছে। ঘরগুলোর দরজায় তালা ঝুলছে। মরিচা পড়ে দরজা-জানালা ভেঙে পড়ার উপক্রম। কয়েকটি ঘরের দরজা-জানালা ইতিমধ্যে ভেঙেও পড়েছে। ঘরের মেঝেতে মাটি নেই। চরে কোনো হাটবাজার নেই; স্বাস্থ্যকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান তো দূরের চিন্তা। বৈদ্যুতিক খুঁটি আছে। বিদ্যুতের সংযোগ নেই।

চলতি বর্ষায় নদীভাঙনের শিকার হয়ে রবিউল শেখ, লাল মিয়া মাদবর ও জলিল শেখ পাশের চর থেকে পরিবার নিয়ে এই গুচ্ছগ্রামে আশ্রয় নেন। গুচ্ছগ্রামে ঠিক মাঝামাঝি চারটি ঘরে এখন চার পরিবার থাকছে।

রবিউল শেখ প্রথম আলোকে বলেন, ‘আমাগো বাড়ি পাশের চরে ছিল। সেই চর নদী ভাইঙ্গা লইয়া গেছে। খালি ঘর পাইয়া এখানে উঠছি। তবে এখন আর এহানে মানুষ থাকতে পারে না। চারপাশে ঝোপঝাড়। বড় বড় সাপ আছে। বিদ্যুৎ নাই। মানুষজনের আসা-যাওয়া নাই। ধারের কাছে বাজারঘাট কিচ্ছু নাই। আমরা ঠেকায় পইড়া আছি।’

গুচ্ছগ্রামের পুরোনো বাসিন্দা জয়তুন বিবি বললেন, ‘আমার স্বামী চোহে দ্যাহে না। তারে লইয়া খুব কষ্টে আছি। এহানে এক বছর ধইরা আছি, কেউ এক মুঠো চাউল দেয় নাই। দুই পোলা থাকলেও এই বিরান চরে আসে না। তারা নিজেরা ঠিকমতো খাইতে পারে না, আমাগো কী দ্যাখবে?’

এই বালুচরে কেবল কুমড়া, বাদাম আর শাকসবজির চাষ হয়। সারা বছর মূলত সবজি বিক্রি করে চলে এই পরিবারগুলো। নিজেরা নদীতে মাছ ধরে। আছে একটি নৌকা। তা নিয়ে তারা চলে যায় ঘণ্টা দূরত্বের মাতবর চর বাজারে। সেখানে শাকসবজি বিক্রি করে চাল, ডাল, তেল, সাবান কিনে নিয়ে আসে। কাঁঠালবাড়ি ঘাট বা বাংলাবাজার ঘাটে নিয়েও সবজি বিক্রি করে তারা।

জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) রহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘চরচান্দ্রা গুচ্ছগ্রামে কাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, কেন মানুষ সেখানে থাকছে না, বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি সেখানে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকে, তাহলে প্রয়োজনে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’