বিচ্ছিন্ন ঢাকায় অবরুদ্ধ মানুষ

আগামীকাল বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে গতকাল শুক্রবার রাত থেকেই ঢাকায় দূরপাল্লার বাস ও লঞ্চ আসা বন্ধ হয়ে গেছে। আজ সকাল থেকে ট্রেনও আসেনি রাজধানীতে। দেশের বেশির ভাগ জেলা থেকেই বাস, ট্রেন ও লঞ্চ না ছাড়ার খবর পাওয়া গেছে। কিছু ট্রেন ছাড়লেও শিডিউলের ঠিক রাখা হয়নি। বাস বা লঞ্চও আটকে দেওয়ার খবর পাওয়া গেছে। মাঝপথে ট্রেন আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজধানী থেকেও খুব কম বাস, ট্রেন বা লঞ্চ ছেড়েছে। ফলে রাজধানী ঢাকা এখন সারা দেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এমনকি রাজধানীতেও বিভিন্ন সড়কে গণপরিবহন চলছে না। ফলে যাত্রীরা হচ্ছেন নাকাল।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ থেকে সব ট্রেনের ঢাকা আসা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো টাঙ্গাইল রেলস্টেশনে পৌঁছানোর পর তা ফেরত পাঠানো হচ্ছে। আজ শনিবার সকালে রাজশাহী থেকে আসা পদ্মা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস টাঙ্গাইলে পৌঁছালে পুলিশ মাইকিং করে যাত্রীদের নেমে যেতে বলে। এ সময় শতাধিক যাত্রীকে আটক করে পুলিশ। তবে সাধারণ যাত্রী প্রমাণ হলে পরে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানায় পুলিশ। একই অবস্থা রাজধানীর কমলাপুর রেলস্টেশনেও। গতকাল সন্ধ্যা থেকে আজ সারা দিন অপেক্ষা করেও ট্রেন পায়নি যাত্রীরা। ট্রেনের অপেক্ষায় পরিবার-পরিজন নিয়ে অনেক যাত্রী স্টেশনে অসহায়ভাবে সময় পার করছেন। একপর্যায়ে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেলওয়ের এক কর্মকর্তার ওপর চড়াও হন বলেও জানা গেছে। আজ সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানান আমাদের প্রতিবেদক। কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর জানালেন, আগের ধারাবাহিকতায়ই আজকের শিডিউল বিপর্যয়। লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বাতিল করা হয়েছে। ঢাকা-কিশোরগঞ্জ রুটেও ট্রেন চলেনি। রাজশাহী থেকেও ঢাকার উদ্দেশে কোনো ট্রেন আসেনি। চট্টগ্রাম থেকেও হাতে গোনা কয়েকটি ট্রেন চলেছে। সেগুলোও শিডিউল অনুযায়ী চলেনি।
কেরানীগঞ্জ প্রতিনিধির পাঠানো খবরে জানা যায়, ঢাকার সদরঘাট টার্মিনালে আজ শনিবার ভোররাত সাড়ে চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী মাত্র সাতটি লঞ্চ এসেছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই সময়ে অন্তত ৩৫টি লঞ্চ আসে। আজ লঞ্চে যাত্রী ছিল কম।
পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর ও গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালেও যাত্রীদের এই বিড়ম্বনা। গতকাল রাত থেকে দূরপাল্লার বাস চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে ঢাকা ছাড়তে পারছেন না যাত্রীরা। আর এ সুযোগ কাজে লাগাচ্ছেন স্বল্পপাল্লার বাস ও ট্যাক্সিচালকেরা। দ্বিগুণ, তিন গুণ ভাড়া চাচ্ছেন তাঁরা। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, রাতে যেসব গাড়ি যশোর-সাতক্ষীরা থেকে ছেড়েছে, সেগুলো এখনো ঢাকায় আসেনি। তাই আজ গাড়ি ছাড়ার নতুন সময়সূচি তিনি বলতে পারছেন না। রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে আজ সকাল থেকে কোনো বাস ঢোকেনি, ছেড়েও যায়নি। ৫০০টির মতো বাস ঠায় দাঁড়িয়ে আছে টার্মিনালে। স্থান সংকুলান না হওয়ায় টার্মিনালের বাইরেও বাস রাখতে দেখা গেছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ বাস টার্মিনালে এসেছেন, গাড়ি না পেয়ে অসহায়ভাবে ঘোরাঘুরি করে ফিরে গেছেন বা ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করেছেন। রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পরিবহনের অপেক্ষায় দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে আছেন অনেকেই। রাজশাহী, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও চট্টগ্রাম থেকেও কোনো বাস ঢাকার উদ্দেশে ছাড়েনি বলে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান।