বিচ্ছিন্ন শাহপরীর দ্বীপ, ৪০ হাজার মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাব এবং পূর্ণিমার জোয়ারে বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জোয়ারের পানিতে টেকনাফ থেকে শাহপরীতে চলাচলের একমাত্র পাকা সড়কটি তলিয়ে গেছে। ফলে সাত দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন লোকজনকে নৌকায় চড়ে টেকনাফ আসা-যাওয়া করতে হচ্ছে। এতে প্রায় ৪০ হাজার মানুষের দুর্ভোগের শেষ নেই।

গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জোয়ারের পানিতে সড়কের ভরাখাল এলাকায় একটি কালভার্ট ভেঙে গেছে। কালভার্ট থেকে দক্ষিণ দিকে উত্তরপাড়া পর্যন্ত আধা কিলোমিটার পাকা সড়ক জোয়ারের পানিতে ডুবে রয়েছে। কালভার্ট থেকে উত্তর দিকের আড়াই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। লোকজনকে নৌকায় চড়ে শাহপরী থেকে তিন কিলোমিটার দূরে কাটাবুনিয়া গ্রামে যেতে হচ্ছে। সেখান থেকে তারা অটোরিকশা অথবা খোলা জিপগাড়িতে করে টেকনাফ সদরে যাতায়াত করছে।

স্থানীয় বাসিন্দা আজম উল্লাহ, মোহামঞ্চদ আকতার ও রহিমা বেগম বলেন, আগে শাহপরী থেকে ১২ কিলোমিটার দূরে টেকনাফ যেতে পরিবহন খরচ হতো ৪০ টাকা। এখন হয় ১১০ টাকা। ফলে দুর্ভোগের পাশাপাশি তিন গুণ অর্থ অপচয় হচ্ছে। এসব দেখার কেউ নেই।

মিস্ত্রিপাড়ার কলেজছাত্র হাফেজ উল্লাহ (২১) বলেন, যোগাযোগ বন্ধ থাকায় সাত দিন ধরে কলেজে যেতে পারছেন না।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, যোগাযোগ বন্ধ থাকায় শাহপরীর প্রায় ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। নানা চেষ্টা করেও ভাঙা বাঁধ ও সড়ক সংস্কার করা যাচ্ছে না।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, মহাসেনের প্রভাবে এবং জোয়ারের পানিতে শাহপরী-টেকনাফ সড়কের একটি কালভার্টসহ আড়াই কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙা বেড়িবাঁধ সংস্কার না করলে ভাঙা সড়কও মেরামত করা সম্ভব হবে না। এতে সরকারি টাকার অপচয় হবে।

ভাঙা বাঁধ নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে পাউবোর উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, শাহপরীকে জোয়ারের কবল থেকে রক্ষার জন্য ভাঙা বেড়িবাঁধ নির্মাণসহ প্রতিরক্ষার জন্য প্রায় এক কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।