বিচ্ছিন্ন সংঘর্ষ, আহত ১১৩
বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাসহ ১১৩ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মানদারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্ত্রধারী মুখোশপরা ৪০-৪৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০-৪০টি গুলিবর্ষণ করলে তিনজন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম: সকালে নগরের দেওয়ানবাজার ওয়ার্ডের লামা বাজার সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে নগরের ঘাটফরহাদ বেগ ভোটকেন্দ্রের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
বেলা ১১টায় নগরের বক্সিরহাট আনসার ক্লাব কেন্দ্রের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ফেনী: ফেনীর সোনাগাজীর উত্তর চরচান্দিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে দুজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে সোনাগাজীর উত্তর চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সওদাগরহাট মাহমুদিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
বেলা দুইটার পর বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লার পক্ষে বিভিন্ন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সাতকানিয়া (চট্টগ্রাম): ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল বেলা একটার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার ১৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। লোহাগাড়ায় পুলিশের গুলিতে মো. এনামুল হক নামের একজন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ২৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিন এবং দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অনিল কান্তি বড়ুয়া ও নাজিমুল ইসলাম রয়েছেন। এই কেন্দ্রে কমপক্ষে ১০ জন আহত হন।
হাতিয়া (নোয়াখালী): রেহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকার বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন। সোনাদিয়া ইউনিয়নের এমসিএস উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে নয়জন আহত হন। তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি বাজারের দক্ষিণে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হন।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে গতকাল সকালে কালিকাপুর, হরিশ্চর, নারায়ণপুর, কাওয়ালীডাঙ্গা, শ্রীরামপুর, নয়নপুর, নিচহরা, সোন্দড়া ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ও ব্যালট পেপারে অগ্নিসংযোগ করেন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। দুপুরে মাছিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে মো. রুবেল নামে শিবিরের এক কর্মী নিহত হন। এ সময় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। ইটের আঘাতে পুলিশের এসআই ফরিদ উদ্দিন আহত হন। সহিংসতার কারণে ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
লাকসাম (কুমিল্লা): নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলায় কুমিল্লা-৯ আসনের মনোহরগঞ্জের ৫৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।
বিনয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নির্বাচনবিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। এ ছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনবিরোধীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন।