বিচ্ছিন্ন হয়ে পড়ছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন পরিবহন ধর্মঘটের ডাক, স্থবির হয়ে পড়ছে বন্দরের আমদানি-রপ্তানি মালামাল পরিবহন
দুই দিন পরিবহন ধর্মঘটের ডাক, স্থবির হয়ে পড়ছে বন্দরের আমদানি-রপ্তানি মালামাল পরিবহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক নাশকতার ঘটনা ঘটেই চলেছে। ছোটখাটো কারণেই নির্বিচারে ভাঙচুর করা হচ্ছে গাড়ি, দেওয়া হচ্ছে আগুন। এতে দু-এক দিন পরপরই অচল হয়ে পড়ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক। চট্টগ্রাম বন্দর ও বৃহত্তর চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ছে দেশের অন্য অংশ থেকে। থমকে যাচ্ছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন কার্যক্রম। ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদন। ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির।
এসব ঘটনার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করছে স্থানীয় প্রশাসন। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা তারা নিতে পারছে না। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সচল রাখতে প্রশাসন কার্যত ব্যর্থ। এই অবস্থায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে কাল বুধবার থেকে টানা দুই দিন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ২০টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে আন্তজেলা বাস মালিক সমিতি।
চলতি বছরের শুরু থেকে, বিশেষ করে ফেব্রুয়ারিতে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া শুরু হওয়ার পর সীতাকুণ্ডে মহাসড়কে নাশকতার ঘটনা ঘটতে থাকে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বিরোধী দলের টানা হরতাল কর্মসূচি শুরুর পর নাশকতার মাত্রা বেড়ে যায়। তিন দফায় ১০ দিন হরতালের সময় প্রায় প্রতিদিন সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সর্বশেষ গত শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল ১৮-দলীয় জোট। ওই দিন বিকেলে সীতাকুণ্ড পৌর সদর এলাকায় পুলিশের সঙ্গে বিরোধী জোটের নেতা-কর্মীদের সংঘর্ষের পর সন্ধ্যায় বেপরোয়া গাড়ি ভাঙচুর শুরু হয়। আগুন দেওয়া হয় প্রায় ৩০টি গাড়িতে। মহাসড়কের ওপর এলোপাতাড়ি গাড়ি রেখে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। পরদিন রোববার বিকেল নাগাদ গাড়ি চলাচল কিছুটা সচল হয়। কিন্তু জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে গ্রেপ্তারের খবরে সন্ধ্যার পর থেকে শুরু হয় আবার ভাঙচুর। রাতভর ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় অন্তত ১২টি গাড়িতে। গতকাল দুপুর নাগাদ মহাসড়কের ওই স্থানে যান চলাচল স্বাভাবিক হয়নি।

প্রশাসন সূত্র জানায়, গত দুই সপ্তাহে সীতাকুণ্ডে মহাসড়কের ৩৭ কিলোমিটার অংশে ৬৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব গাড়ির মধ্যে রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত বাস, কাভার্ড ভ্যান ও ট্রাক। ভাঙচুর করা হয়েছে আরও কয়েক শ গাড়ি। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এসব ঘটনায় সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত ৩১টি মামলা হয়েছে। সব কটি মামলায় ঘুরেফিরে সীতাকুণ্ডের প্রায় ৩০০ ব্যক্তিকে আসামি করা হচ্ছে। তাঁদের অনেকে গ্রেপ্তার হয়ে দ্রুত সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবার নাশকতার ঘটনায় যোগ দিচ্ছেন।

ধারাবাহিক নাশকতার কারণে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি মালামাল পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে। সীতাকুণ্ডের দুই শতাধিক শিল্পকারখানার উৎপাদন ও সরবরাহও কার্যত বন্ধ হয়ে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে শিল্পমালিকদের।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের ‘লাইফলাইন’। নাশকতার কারণে এই পথে আমদানি-রপ্তানি মালামাল পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে।

সীতাকুণ্ডের একটি বড় শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘আমরা দৈনিক দুই কোটি টাকার মালামাল বাজারজাত করি। মহাসড়কে নাশকতার কারণে টানা তিন সপ্তাহ ধরে আমরা পণ্য সরবরাহ করতে পারছি না।’

সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার কাভার্ড ভ্যানচালক আবুল কালাম আজাদ বলেন, ‘সীতাকুণ্ড এখন আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এই পথে গাড়ি চালানোর সময় চিন্তায় অস্থির থাকি। ভয় নিয়ে গাড়ি কি চালানো যায়?’

ব্যর্থ পুলিশ-প্রশাসন: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সচল রাখতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে পুলিশ ও প্রশাসন। স্থানীয় প্রশাসন গত সপ্তাহ থেকে সীতাকুণ্ডের ৩৭ কিলোমিটার মহাসড়কজুড়ে সাড়ে ৫০০ র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করে। তাতেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই অবস্থায় গতকাল আরও ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, সীতাকুণ্ডের পৌর সদর ও বাড়বকুণ্ড এলাকায় নাশকতা বেশি ঘটছে। এই দুটি এলাকায় জামায়াত-শিবিরের শক্ত অবস্থান রয়েছে।

বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাড়িতে থাকতে না পেরে অঘটন ঘটাচ্ছেন বলে প্রথম আলোর কাছের স্বীকার করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। তিনি বলেন, মামলা দিয়ে হয়রানির কারণে ক্ষুব্ধ কর্মীরা গাড়ি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করতে বাধ্য হচ্ছেন।

নাশকতা ঠেকাতে সম্প্রতি উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ভবনে বিজিবির একটি অস্থায়ী ক্যাম্প, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ কার্যালয়ে র‌্যাব-৭ ও পৌর সদরের আস্তানবাড়িতে আনসার ব্যাটালিয়নের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এত কিছুর পরও ঠেকানো যাচ্ছে না নাশকতা।

চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হবে। এর মধ্যে আমরা সাঁড়াশি অভিযান শুরু করছি, যাতে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা যায়।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত চট্টগ্রাম অংশের ১৬২টি উপসড়ক ও গলি রয়েছে। এসব গলি থেকে এসেই দুর্বৃত্তরা গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ নাশকতা চালাচ্ছে।

পরিবহন ধর্মঘট: সীতাকুণ্ডে মহাসড়কে একের পর এক নাশকতার প্রতিবাদে কাল বুধ ও পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২০টি যাত্রাপথে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে আন্তজেলা বাস মালিক সমিতি। গতকাল দুপুরে সমিতির চট্টগ্রাম কার্যালয়ে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আমরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি এর আওতায় থাকবে।’