বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের বাংলাদেশ-সীমান্ত ব্যবহার নিয়ে ভারতের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গি বা জিহাদি সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার জন্য পাকিস্তান ও বাংলাদেশের ওপর দোষ চাপায় ভারত সরকার এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগে বাংলাদেশকে বিশেষভাবে দায়ী করে তারা।’ ভারতের রাজধানী নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। গত বৃহস্পতিবার এ-সম্পর্কিত বার্তা প্রকাশ করে উইকিলিকস।২০০৬ সালের ১৮ এপ্রিল পাঠানো যুক্তরাষ্ট্র-ভারত ‘সন্ত্রাসবিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপ’ (সিটিজেডব্লিউজি) শিরোনামের ওই বার্তায় মার্কিন কূটনীতিক বব ব্লেক বলেন, ‘যুক্তরাষ্ট্র-ভারত সন্ত্রাসবিরোধী আলোচনায় দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবিরোধী বিভিন্ন ইস্যুতে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। পাকিস্তান থেকে ভারতের মাটিতে চালানো জঙ্গিদের তৎপরতা নিয়ে নয়াদিল্লি যতটা উদ্বিগ্ন, নকশালবাদী (মাওবাদী কৃষক) আন্দোলন নিয়ে ততটা উদ্বিগ্ন নয়। অথবা তারা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আদিবাসী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়েও ততটা মাথা ঘামাচ্ছে না।’‘সন্ত্রাসবিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপ’ শিরোনামের ওই প্রতিবেদনে ‘হুমকি পর্যালোচনা’ অনুচ্ছেদের একটি অংশে ব্লেক বাংলাদেশের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৎপর রয়েছে। ভারত সরকার ও সে দেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী যেগুলোর বেশ কয়েকটির ঘাঁটি বাংলাদেশে।’ ব্লেক আরও বলেন, জঙ্গিদের তৎপরতায় সমর্থন দেওয়ার ব্যাপারে পাকিস্তান ও বাংলাদেশকে দোষ দেয় ভারত সরকার। এ ছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার দোষও চাপানো হয় বাংলাদেশের ওপর।ওই প্রতিবেদনের আরেকটি অনুচ্ছেদে বলা হয়, ভারতের জন্য উদ্বেগের আরেকটি বড় বিষয় হলো, নেপাল ও বাংলাদেশের সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ। এতে বলা হয়, ভারত সরকার বছরের পর বছর দাবি করে আসছে, বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি রয়েছে বাংলাদেশে। সম্প্রতি তারা দাবি করেছে, সীমান্তের আশপাশে বাংলাদেশের মাটিতে পাকিস্তানভিত্তিক জঙ্গিরাও আস্তানা গেড়েছে এবং সেখান থেকে ভারতে অনুপ্রবেশ করছে।বব ব্লেকের পাঠানো ওই প্রতিবেদনে মূলত ভারতে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত ও ভূমি ব্যবহার করার বিষয়ে নয়াদিল্লির উদ্বেগের বিষয়টি স্থান পেয়েছে। প্রতিবেদনের শেষ দিকের একটি অংশে ব্লেক ভারতে তিব্বতি শরণার্থীদের প্রসঙ্গ টেনেছেন।