বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর খোঁজে বান্দরবান সীমান্তে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের দুর্গম এলাকায় গতকাল রোববার থেকে যৌথ অভিযান শুরু করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বান্দরবান সেক্টরের অধিনায়ক কর্নেল ওয়ালিউর রহমান বলেন, সীমান্তের কাছাকাছি দুর্গম এলাকায় জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য গোপন আস্তানা অনুসন্ধান এবং চোরাচালান প্রতিরোধে এ অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্তের কাছাকাছি সে দেশের অভ্যন্তরে অভিযান চালাচ্ছে। অভিযানের মুখে সীমান্ত অতিক্রম করে বিদেশি সন্ত্রাসী ও চোরাচালানি চক্র বাংলাদেশে আশ্রয় নিতে পারে—এই আশঙ্কায় এবং বনাঞ্চলবেষ্টিত দুর্গম পাহাড়ে জঙ্গিদের আস্তানা আছে কি না, তা খতিয়ে দেখতে ১০ দিন এই অভিযান চলতে পারে।
অভিযানের বিষয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সীমান্তে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ঘাঁটি তৈরি করতে দেওয়া হবে না। গত মার্চ ও মে মাসে বিভিন্ন সীমান্তে এ ধরনের অভিযান হয়েছে। এটি অব্যাহত থাকবে।
অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বিজিবির একজন কর্মকর্তা বলেন, বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন রাঙামাটির ওয়াগ্গা সীমান্ত থেকে নাইক্ষ্যংছড়ির ৪৭ সীমান্ত পিলার পর্যন্ত প্রায় অরক্ষিত ২৪৭ কিলোমিটার সীমান্তের কাছাকাছি স্থানে অভিযান চালানো হচ্ছে। বিজিবির বলীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের নেতৃত্বে ১৮ প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন সেনাসদস্য আলীকদম, থানচি, রুমা ও রোয়াংছড়ির সীমান্ত এলাকায় অভিযানে অংশ নিচ্ছেন। বিদেশি সন্ত্রাসীদের আস্তানা থাকতে পারে—এমন সম্ভাব্য দুর্গম স্থানে তল্লাশি চালাবেন তাঁরা। অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই দেশে আসা-যাওয়ার পথগুলো চিহ্নিত করা হবে। দুর্গম পাহাড়ে কোনো জঙ্গিগোষ্ঠীর গোপন আস্তানা আছে কি না, তা-ও অনুসন্ধান করা হবে।