বিচ্ছিন্নতাবাদীদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থান ও ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর জন্য কাউকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না।
ভারতের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ, পল্লি ও নগর উন্নয়ন এবং পরিবহনমন্ত্রী মানিক দে গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে কোনো ধরনের বিদ্রোহ বরদাশত করব না। আমরা এ অঞ্চলে একটি শান্তিপূর্ণ পরিবেশ চাই।’ খবর বাসসের।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা শুল্ক ও অন্যান্য বিষয় চূড়ান্ত করেছেন বলে জানতে পেরে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় পক্ষ বিদ্যুৎ সরবরাহ শুরু করার জন্য যথাশিগগির সম্ভব ক্রয় ও সরবরাহসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আরও বিদ্যুৎ লাগবে।
দুই দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তির পর ছিটমহলগুলো বিনিময়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণভাবে এই বিষয়টির মীমাংসা হয়েছে।
ত্রিপুরার মন্ত্রী মানিক দে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সড়ক যোগাযোগে বাংলাদেশ নজিরবিহীন উন্নয়ন করেছে।
ত্রিপুরা থেকে শিগগির বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে জানিয়ে মানিক দে বলেন, বাংলাদেশের কুমিল্লা সীমান্তের¯কাছে ত্রিপুরার মনারচরে রাজ্য সরকার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসছে ফেব্রুয়ারিতে: বিশেষ প্রতিনিধি জানান, ভারতের ত্রিপুরা থেকে আখাউড়া সীমান্তবর্তী সঞ্চালন লাইন দিয়ে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ। গত শনিবার ঢাকায় দুই দেশের বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের যৌথ সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর থেকেই এই বিদ্যুৎ আসার কথা ছিল। কিন্তু দামের বিষয়টি অমীমাংসিত থাকায় তা হয়নি। শনিবারের সভায় বিষয়টির ফয়সালা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বক্তব্য দেন। নসরুল হামিদ বলেন, ত্রিপুরা থেকে পাওয়া প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে সাড়ে ছয় টাকা। প্রথমে পাঁচ বছরের জন্য এই বিদ্যুৎ কেনাবেচার চুক্তি হবে। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে মাস খানেকের মধ্যে চূড়ান্ত চুক্তি সই করা সম্ভব হবে।