বিচ্ছেদের শোক, উচ্ছেদের কষ্ট নিয়ে সেলিম আল দীন স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আহালের বছর দুই শ টেকা দাদন কইরা রশীদ ডিলার ছেওমাস আগে টানদা বউটারে লইয়া গেল। বেবাকে কয় তোমাগোরে উচ্ছেদ...উচ্ছেদ, আমার যমুইনারে আইনা দেন গো হুজুর—আমার বুকের মদ্যে বিচ্ছেদের শোক আর উচ্ছেদের কষ্ট।’ এই সকাতর মিনতি ছিল নাট্যাচার্য সেলিম আল দীনের কেরামত মঙ্গল নাটকে ঋষি সম্প্রদায়ের হতদরিদ্র ও বিপন্ন একজন মানুষ দশরথের। গ্রাম থেকে উচ্ছেদের ভয়ে সেই মিনতি হয়ে ওঠে করুণ আর্তনাদ। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম আল দীন স্মারক বক্তৃতা দিয়ে গিয়ে এই সংলাপকেই তাঁর বক্তব্যের ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছেন। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘বিচ্ছেদের শোক, উচ্ছেদের কষ্ট ও সংস্কৃতির কাজ।’ সেলিম আল দীনের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। গতকাল দ্বিতীয় দিনে ছিল স্মরক বক্তৃতা ও নাটক মঞ্চায়ন। বক্তৃতার শুরুতে স্বাগত বক্তব্য দেন নাসির উদ্দীন ইউসুফ। স্মারক বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম আল দীনের নাটকে উঠে আসা বিচ্ছেদ আর উচ্ছেদের বহুমাত্রিক বর্ণনা দেন। বর্ণনায় তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন কয়েকজন প্রয়াত লেখককে। যেমন, ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, শাহেদ আলী, আখতারুজ্জামান ইলিয়াস। এই লেখকদের লেখায়ও উঠে এসেছিল উচ্ছেদের কষ্ট। যে উচ্ছেদ আর বিচ্ছেদের মূলে পুঁজিবাদ। কিন্তু সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘এদের কেউ কেউ একসময় পুঁজিবাদের বিরুদ্ধে লিখলেও পরবর্তীতে পুঁজিবাদের পক্ষেই চলে যান। কিন্তু সেলিম আল দীনের লেখায় তা ঘটেনি।’ তিনি বলেন, ‘সেলিম আল দীনের রচনার সর্বত্রই দেখব আত্মসমর্পণে অসম্মতি।’ পরে আলোচনায় অংশ নেন আতাউর রহমান, নৃপেন্দ্র সাহা, পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। আলোচনা পর্ব গড়ায় বিকেল পর্যন্ত। এরপর সন্ধ্যায় নাট্যশালায় সেলিম আল দীনের লেখা ধাবমান নাটকটি মঞ্চস্থ করে ঢাকা থিয়েটার। শিমূল ইউসুফের নেতৃত্বে দলের নাট্যকর্মীদের সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল নাট্যানুষ্ঠান। নাজিয়া আন্দালীবের অপলক নারীনাজিয়া আন্দালীব নারীর সামাজিক অবস্থানকে নানাভাবে তুলে ধরেছেন তাঁর সাম্প্রতিক শিল্পকর্মে। এমন ৪৮টি শিল্পকর্ম নিয়ে তাঁর একক প্রদর্শনী গতকাল শুক্রবার শুরু হয়েছে বেঙ্গল শিল্পালয়ে। ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবিয়র্গ স্টফরিং। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান ও শিল্পী মুর্তজা বশীর। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান। প্রদর্শনীর কাজগুলোতে উঠে এসেছে নারীর জীবনের বহুমুখী ভাবনার প্রতিচ্ছবি। তাদের যন্ত্রণা, দুঃখ, বেদনা ও কষ্টকে শিল্পী গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন ও তাঁর সৃষ্টিতে ধরে রেখেছেন সামাজিক অঙ্গীকারের তাগিদ থেকে। প্রদর্শনী উপলক্ষে বেঙ্গল গ্যালারি একটি ক্যাটালগ ও ফোলিও প্রকাশ করেছে। শিল্পী নাজিয়া আন্দালীব ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে ও বিদেশে তাঁর ১১টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। উস্তাদ আলী আকবর খান স্মরণে সরোদসন্ধ্যাসময়ের খানিকটা আগেই রঙিন চাদরে মোড়ানো মঞ্চে বসে সরোদে সুর বেধে নিচ্ছিলেন মার্কিন শিল্পী ডেভিড ট্রেসফ। মঞ্চের সামনে বৃত্তাকার মাটির পাত্রের পানিতে ভাসছে নানা রঙের ফুল, জ্বলছে বেশ কয়েকটি প্রদীপ। বাদন শুনতে আসা শ্রোতারা বসে আছেন মাদুর বিছানো মেঝেতে। শিরোনাম ‘সরোদ বাই ডেভিড ট্রেসফ ইন মেমোরি অব উস্তাদ আলী আকবর খান’। সাতটা বাজতেই শিল্পী ডেভিড ট্রেসফ ও তাঁর সহযোগী তবলাবাদক অরূপ সেনগুপ্তকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মান জানান আয়োজক প্রতিষ্ঠান ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি মাহমুদুল হেলাল ও নিসার হোসেন। শিল্পী ডেভিড শুরুতে উস্তাদ আলী আকবর খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘গুরুর জন্মভূমিতে তাঁর স্মরণে সরোদ বাজানোর সুযোগ পেয়ে আনন্দিত বোধ করছি।’ এরপর তিনি সরোদ হাতে নিয়ে ঐতিহ্যবাহী রাগ পাহাড়ি দিয়ে বাদন শুরু করেন। দ্বিতীয় সুরটি ছিল আলী আকবর খান রচিত রাগ চন্দ্রনন্দন। এভাবে একটির পর একটি রাগের বাদন পরিবেশনায় শ্রোতাদের প্রায় দুই ঘণ্টা মুগ্ধ করে রাখেন তিনি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি মানজারে হাসীন। দেয়াল পত্রিকা নিয়ে উত্সব বাংলা সাহিত্যের স্মরণীয় ও প্রতিষ্ঠিত অনেক লেখক, কবি-সাহিত্যিকেরই লেখালেখির সূত্রপাত হয়েছিল দেয়াল পত্রিকায় লেখার মাধ্যমে। আজকের দেয়াল পত্রিকা উত্সব ও প্রতিযোগিতা সেই পথকেই নির্দেশ করে—বাংলা একাডেমী চত্বরে তৃতীয় জাতীয় দেয়াল পত্রিকা উত্সব ও প্রতিযোগিতার উদ্বোধনী উত্সবে এসব বলেছেন বক্তারা। গতকাল শুক্রবার থেকে এখানে শুরু হয়েছে তিন দিনের তৃতীয় জাতীয় দেয়াল পত্রিকা উত্সব ও প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ আনিসুর রহমান। ‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ আয়োজিত উত্সবে সহযোগিতা করেছে আইন ও সালিশ কেন্দ্র। কারিনা দত্তের নৃত্য বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী নৃত্যশিল্পী কারিনা দত্ত কর্মকারের একক নৃত্যানুষ্ঠান। একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি পাওয়া ছিল শিল্পী চন্দন দত্ত ও এ এফ এম একরাম হোসেনের তবলা ও এসরাজের যুগলবন্দী। এ ছাড়া অনুষ্ঠানে ঠুমরি পরিবেশন করেন সঞ্চিতা দত্ত।