বিছনাকান্দি সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় গতকাল সোমবার বিকেলে এক বাংলাদেশি রাখালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জামালউদ্দিন (২৮)। তিনি গোয়াইনঘাটের মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা।এলাকাবাসী সূত্র জানায়, মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মতিনের ছেলে জামালউদ্দিন গতকাল বিকেলে সীমান্তের কাছে জমিতে গরু চরাতে যান। বিকেল প্রায় চারটায় সীমান্তের ১২৬৩ নম্বর পিলারের ওপার থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান জামালউদ্দিন। খবর পেয়ে বিছনাকান্দি বিডিআর ফাঁড়ির সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন। জামালউদ্দিনের লাশ বিছনাকান্দি বিডিআর ফাঁড়িতে রয়েছে। কার গুলিতে যুবকের মৃত্যু হলো—এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে ২১ রাইফেল ব্যাটালিয়নের একজন কর্মকর্তা জানান, গুলিটি বিএসএফের কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন দেখে নিশ্চিত হওয়া যাবে। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, ভারতীয় খাসিয়াদের ব্যবহূত বন্দুকের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।তবে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দিন চৌধুরী জানান, এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে বিএসএফ জামালউদ্দিনকে গুলি করে হত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।