বিছনাকান্দি সীমান্তে গুলিবিদ্ধ, লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রহমত আলী (৪০)। গত বুধবার রাত আটটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রহমত আলীর বাড়ি গোয়াইনঘাটের বগাইয়া গ্রামে। পেশায় তিনি কাঠুরে ছিলেন। রাত আটটার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬২/২ নম্বর সীমান্তপিলার এলাকার প্রায় ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশকে খবর দেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিজিবির বিছনাকান্দি ফাঁড়ির সহায়তায় লাশ শনাক্ত করে উদ্ধার করা হয়। নিহত রহমত আলীর স্ত্রী জামিনা বেগম সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো বুধবার বিকেলে তাঁর স্বামী জ্বালানি কাঠ সংগ্রহ করতে বের হয়েছিলেন। রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধারের খবর পান।
এ ব্যাপারে ৫ বিজিবির বিছনাকান্দি ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার ফুরকানুল হক বলেন, লাশটি বাংলাদেশের ভেতরে পাওয়ায় কারা গুলি করেছে, কেন করেছেÑএ বিষয়টি পুলিশকে বের করতে বলা হয়েছে।