বিছনাকান্দিতে মাটিধসে শ্রমিক নিহতের ঘটনায় মামলা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির কলুমছড়া এলাকায় রাতে গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটিধসে তিন শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় পাঁচজন গর্ত মালিককে আসামি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে পাথর কোয়ারির একটি গর্ত থেকে পাথর উত্তোলন করার সময় মাটিধসে ঘটনাস্থলেই তোলা মিয়া (২৬), জাকির হোসেন (১৬) ও পরিমল সরকার (২৬) নামের তিনজন শ্রমিক নিহত হন। গর্ত মালিকেরা পুলিশকে না জানিয়ে লাশ দাফনের জন্য বাড়ি পাঠালে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে পুলিশ তিনটি লাশ উদ্ধার করে। গতকাল আটক দুই গর্ত মালিক জাহিদ হাসান ওরফে মিলন ও জাহিদুল ইসলাম নামের দুজনকে মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আজ শনিবার গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিছনাকান্দির ঘটনার আগে ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করার সময় একইভাবে গর্ত ধসে পাঁচজন শ্রমিক মারা যান। তাঁদের লাশও একইভাবে গোপনে বাড়ি পাঠানোর পর পুলিশ উদ্ধার করেছিল।
আরও পড়ুন:
এবার বিছনাকান্দিতে মাটিধসে নিহত ৩