বিছনাকান্দির পাথরের বিছানা থাকবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা এলাকায় অসংখ্য পাথর, যেন পাথরের বিছানা (শয্যা) পাতা। তাই এলাকাটির নাম বিছনাকান্দি। দেশের আকর্ষণীয় পর্যটনকেন্দ্রের একটি। কিন্তু কেন্দ্রটির সীমানা ঘেঁষে পাথর কোয়ারি। সেখানে ছোট-বড় শতাধিক গর্ত খোঁড়া হয়েছে। অবাধে চলছে পাথর উত্তোলন। বর্ষাকালে বিছনাকান্দির পাথরের এ বিছানা থাকবে কি না, এ নিয়ে খোদ প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।
সিলেট শহর থেকে বিছনাকান্দি যেতে প্রায় ৩৯ কিলোমিটার দূরে হাদারপাড় বাজার। বাজারের পাশেই পিয়াইন নদ। এ নদ পাড়ি দিলেই ভারতীয় সীমান্ত এলাকা। পুরোটাই পর্যটকদের জন্য আকর্ষণীয়। পর্যটনকেন্দ্রে যেতে পাথর কোয়ারি পার হতে হয়। প্রায় ১২০ হেক্টর আয়তনের পাথর কোয়ারি এ বছর ইজারা দেওয়া হয়নি। তাই উপজেলা প্রশাসন খাস কালেকশনের (দৈনিক রাজস্ব আদায় পদ্ধতি) মাধ্যমে পাথর কোয়ারি থেকে রাজস্ব আদায় করে। স্থানীয় লোকজনের অভিযোগ, খাস কালেকশনের কারণে যত্রতত্র পাথর উত্তোলন চলছে। পাথর উত্তোলনে কোনো সীমারেখাও মানা হচ্ছে না।
পাথর কোয়ারিতে নেমে দেখা গেছে, বিরাট আকারের গর্ত আর গর্ত। প্রতিটি গর্তে একাধিক পাওয়ার পাম্প বসানো। রাতে গর্তের পানি তোলা হয়। ভোর থেকে চলে পাথর উত্তোলন। বিছনাকান্দির পর্যটক কেন্দ্রের সীমানা ঘেঁষে ছোট-বড় শতাধিক গর্ত করা হয়েছে।
কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ী বলেছেন, বর্ষা মৌসুমে ওপারে ভারত থেকে পাহাড়ি ঢল নেমে আসে। তখন স্রোতের টানে বিছনাকান্দির পাথর যাতে ভেসে কোয়ারিতে চলে আসে, সেই ব্যবস্থা করে সংঘবদ্ধ একটি চক্র। প্রায় এক সপ্তাহ আগে হাদারপাড়ে খেয়াঘাটের কাছে পিয়াইন নদে বাঁধ দেওয়া হয়েছে। এ বাঁধ নির্মাণের তদারক করেছেন নয়জন পাথর ব্যবসায়ী।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাঁধ দেওয়ার কাজে কারা জড়িত—সরেজমিনে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নদ-নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এমন কিছু করা নদী আইন অনুযায়ী নিষিদ্ধ। তাই বাঁধ দেওয়ার এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, ‘যত্রতত্র পাথর উত্তোলনের কারণে আমাদের চোখের সামনেই জাফলংয়ের প্রকৃতি নষ্ট হয়ে গেছে। এখন মনে হচ্ছে, বিছনাকান্দির জন্যও এমন এক করুণ পরিণতি অপেক্ষা করছে।’
১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকার পাশে কুলুমছড়া এলাকায় পাথর উত্তোলনের একটি গর্তের মাটি ধসে তোলা মিয়া, জাকির হোসেন ও পরিমল সরকার নামের তিনজন গর্তশ্রমিক নিহত হন। গর্তমালিকেরা পুলিশকে না জানিয়ে লাশ দাফনের জন্য বাড়ি পাঠালে সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পাঁচজন গর্তমালিকের নামোল্লেখ করে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার দিনই আটক দুই গর্তমালিক জাহিদ হাসান ও জাহিদুল ইসলামকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন বলেন, উচ্চ আদালতের নির্দেশে যন্ত্র দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু রাতে পাথর উত্তোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মূলত রাতে পাথর উত্তোলনের কাজই বিছনাকান্দিকে বিপন্ন করছে।