বিছানাকান্দিতে দুই বুয়েট ছাত্রের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানিতে ডুবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন মশিউর রহমান সিয়াম (২৩) ও সাইদ নাসিফ (২৪)। তাঁরা দুজনই বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৪ জন শিক্ষার্থীর একটি দল আজ বেলা সাড়ে তিনটার দিকে বিছানাকান্দি বেড়াতে এসেছিলেন। সিয়াম ও নাসিফ ওই দলে ছিলেন। চারটার দিকে তাঁরা পিয়াইন নদে গোসল করতে নামেন। এ সময় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে ওই দুজন নিখোঁজ হন। পরে এলাকাবাসীর সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পিয়াইন নদের যে অংশে তাঁরা গোসল করছিলেন, সেখানে প্রায় কোমরসমান পানি ছিল। ধারণা করা হচ্ছে, তাঁরা সাঁতার জানতেন না।