বিছানার অতিরিক্ত রোগীরা খাবার পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে বিছানার অতিরিক্ত রোগীরা এখন খাবার পাচ্ছে। ১ জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও বিছানার অতিরিক্ত রোগীদের খাবার দেওয়ার ব্যাপারে ২০০৬-২০০৭ অর্থবছরে অডিট বিভাগ আপত্তি জানায়। সেই থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বিছানার অতিরিক্ত রোগীর খাবার সরবরাহ বন্ধ করে দেয়। হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, বিছানার অতিরিক্ত রোগীদের খাবার না পাওয়ার বিষয়টি মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছিল। রোগীদের খাবারের জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ ছিল। পরে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মৌখিক নির্দেশে গত শুক্রবার থেকে বিছানার অতিরিক্ত রোগীর খাবার সরবরাহ করা হচ্ছে। জানা গেছে, গত রোববার মিটফোর্ড হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬৮৮ জন। এদের মধ্যে অতিরিক্ত ৮৮ জন রোগীকে খাবার দেওয়া হয়েছে। উল্লেখ্য, ‘৩৫ লাখ ৭৫ হাজার টাকা ফেরত যাচ্ছে, অর্থ বরাদ্দ থাকলেও মিটফোর্ডের অনেক রোগী খাবার পাচ্ছে না’ শিরোনামে গত ২৮ অক্টোবর প্রথম আলোয় সংবাদ ছাপা হয়।