বিছানায় ১৫ দিনের শিশু আর ওড়নায় ঝুলছে মায়ের দেহ...
১৫ দিন বয়সের শিশুটি বিছানায় হাত-পা ছুড়ে তারস্বরে চিৎকার করছে আর মায়ের লাশ ঝুলছে ঘরের আড়ার সঙ্গে। এই অবস্থাতেই গতকাল রাতে রাজধানীর বাড্ডার জোয়ার সাহারা থেকে লাকী আক্তার (২০) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।গৃহবধূর স্বামীর নাম মো. মেহেদি। তিনি একটি বায়িং হাউসে কাজ করেন।লাশ উদ্ধারকারী বাড্ডা থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, জোয়ার সাহারার যমজ রোডের একটি টিনশেড বাসার ঘর ভাড়া নিয়ে থাকতেন মেহেদি ও লাকী আক্তার দম্পতি। ১৫ দিন আগে তাঁদের একটি কন্যাশিশু হয়।মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় দীর্ঘক্ষণ ধরে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা লাকীর ঘরের দরজা ধাক্কিয়েও কোনো সাড়া পাননি। এরপর জানালা দিয়ে দেখা যায়, বিছানার ওপর ১৫ দিন বয়সের শিশুটি তারস্বরে হাত-পা ছুড়ে চিৎকার করছে। আর লাকীর লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলছে। পুলিশও গিয়ে এই অবস্থাই দেখে। পরে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।মোস্তাফিজুর জানান, স্থানীয়রা জানিয়েছেন, টাকাপয়সা নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত স্বল্প আয়ের পরিবারটিতে। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তা আরও বেড়ে যায়। এই কারণে মাত্র ১৫ দিনের নাড়িছেঁড়া ধনও তরুণী গৃহবধূকে পৃথিবীতে আটকে রাখতে পারেনি।পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামীসহ অন্য স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনার সময় স্বামীও ঘরে ছিলেন না।