বিছাপোকায় পাটের সর্বনাশ
‘এত দিনে পাটগাছের সাত-আট হাত লম্বা হওয়ার। কিন্তু ছ্যাঙা (বিছাপোকার স্থানীয় নাম) এ এলাকার পাটগাছের সব্বনাশ কইর্যা দিছে। আড়াই হাতের থ্যা তিন হাত লম্বা হয়া পাটগাছ কাঠির মতো দাঁড়ায়া রইছে। দেড় বিঘ্যা জমির থ্যা এক মণ পাটও এবার পাওয়া যাবি কি না সন্দেহ।’পাবনার বেড়া উপজেলার তেঘরি গ্রামের পাটচাষি হাকিম মোল্লা (৬৫) তাঁর পাটখেতের পাশে দাঁড়িয়ে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন। তাঁর মতো উপজেলার অনেক পাটচাষির এবার একই দশা। কারণ, উপজেলার বিভিন্ন এলাকার পাটের খেতে এবার ব্যাপক হারে বিছাপোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে খেতেই নষ্ট হচ্ছে পাটগাছ। এ ছাড়া অনেক এলাকায় বিছাপোকা পাটখেত থেকে ছড়িয়ে পড়ছে আশপাশের বাড়িঘর, স্কুল, পথঘাট ও গাছে। এতে স্বাভাবিক জীপনযাপন ব্যাহত হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা যায়, ভালো দাম পেয়ে বেড়া উপজেলার কৃষকেরা গতবারের চেয়ে এবার দুই হাজার ৮৭০ হেক্টর জমিতে পাটের আবাদ করেছেন, যা গতবারের চেয়ে দেড়গুণেরও বেশি। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি পেয়ে এবার পাটগাছগুলো ভালোই তরতাজা হয়ে বেড়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই বিছাপোকার আক্রমণ হওয়ায় ফলন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে কৃষক। একদিকে পোকার আক্রমণে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা, অন্যদিকে পাটের বাজার দর কম হওয়ায় কৃষকেরা পড়েছেন বিপাকে।সরেজমিনে বৃশালিখা, তেঘরি, জগন্নাথপুরসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, পাটখেত, ঘরবাড়ি, পথঘাট লাখ লাখ বিছাপোকায় ভরে গেছে। তেঘরি গ্রামের গৃহবধূ আদুরী খাতুন (৩০) বলেন, ‘ছ্যাঙার অত্যাচারে ঘরে বাস করাই মুশকিল হয়া গেছে। ঘরের ভিতর ও উঠ্যানের থ্যা দৈনিকই ঝাড় দিয়্যা টুকরি ভইর্যা ছ্যাঙা ফ্যালাই। ছ্যাঙার গন্ধে খাওয়া-দাওয়ার সময় খুব ঘিন্না করে।’ একই গ্রামের আছিয়া খাতুন (৬০) বলেন, ‘জীবনে এত ছ্যাঙা দেখি নাই। বড়রা তাও দেইখ্যা চলব্যার পারে। কিন্তু ভয় হইল ছোটগরে নিয়্যা। ছ্যাঙা গায়ে লাগলি চরম চুলকায়। এহন এলাকা ছাইড়্যা চইল্যা যাওয়া ছাড়া দেখত্যাছি উপায় নাই।’বৃশালিখা মহল্লার পাটচাষি রহম সরদার বলেন, ‘ছ্যাঙার অত্যাচারে পাট এবার শ্যাষ। ছ্যাঙার ভয়ে খ্যাতের কাছে যাওয়াই বাদ দিছি। ওষুধ ছিটায়াও কুনু কাম হত্যাছে না।’ বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিখা রাহা বলেন, ‘পাটখেত থেকে বিছাপোকা প্রায়ই স্কুলেও চলে আসে। এগুলো দেখে ছোট বাচ্চারা ভয় পায়।’হাটুরিয়া বাজারের কীটনাশক বিক্রেতা আমানত আলী বলেন, ‘পাটখ্যাতে এবার ছ্যাঙার চরম আক্রমণ দেখা দিছে। এ জন্যে ছ্যাঙা মারার বিষ খুব বিক্রি হত্যাছে।’বেড়া উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, দু-একটি জায়গায় পাটখেতে বিছাপোকার আক্রমণ দেখা দিয়েছে। তবে তাতে পাটের ফলন তেমন ব্যাহত হবে না। বিছাপোকা দমনের জন্য কৃষকদের কীটনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে।