বিছার উপদ্রবে বিদ্যালয়ে পাঠদান বন্ধ!
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আবাদীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিছার মাত্রাতিরিক্ত উপদ্রবের কারণে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিছার আতঙ্কে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, বেশ কিছু শিক্ষার্থীর গায়ে বিছা লেগে শরীর ফুলে লাল হয়ে গেছে। তাই এক সপ্তাহ ধরে বিছার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। গতকাল বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিছার আক্রমণ থেকে বাঁচতে শিক্ষকেরা বিদ্যালয়ের কাছে একটি বাড়ির মাটিতে বসে পাঠদান করছেন। সেখানেও কয়েকজন অভিভাবক তাঁদের সন্তানদের শরীরে চুন মেখে বিছার টুটকা চিকিৎসা করছেন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জয়নব বেগম বলে, ‘বিছা লাগি আমার শরীল ফুলি গেছে। এল্লাগি আমরা ইশকুলে আইতে ডরাই।’ অভিভাবক মুজিব মিয়া বলেন, ‘বিছার ডরে আমার পোয়া চাইর দিন ধরি ইস্কুল আর না।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান জানান, বিদ্যালয়ের প্রতিটি গাছে বিছা বাসা বেঁধেছে। গাছের ডাল কেটেও রক্ষা পাওয়া যাচ্ছে না। বিদ্যালয়সংলগ্ন দুটি তাড়ুয়াগাছ (স্থানীয় ভাষায়) না কাটলে বিছার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে না। কিন্তু শিক্ষা কার্যালয়ের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা যাচ্ছে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন তালুকদার জানান, ‘বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। এত বেশি বিষাক্ত বিছা যে, গাছে উঠে কেউ ডাল কাটতে রাজি হচ্ছে না। গাছের নিচে আগুন জ্বালিয়ে, চুন ছিটিয়ে বিছা তাড়ানোর অনেক চেষ্টা করছি। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একিন আলী বলেন, ‘বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে শিক্ষা কর্মকর্তার কাছে গাছ কাটার অনুমতি চেয়েছি। আশা করছি, এক-দুই দিনের মধ্যে বিদ্যালয়ের স্বাভাবিক পবিবেশ ফিরে আসবে।’ এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে গাছটি রক্ষা করে এটির কিছু ডালপালা কেটে এবং গাছের নিচে আগুন জ্বালিয়ে বিছা নিধন করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের বলেছি। এতেও কাজ না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’