বিজনা নদীর অবৈধ সেতু উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়ার ধরখার ইউনিয়নে একটি ইটভাটায় যাতায়াতের জন্য বিজনা নদীর ওপর অবৈধভাবে নির্মাণ করা সেতুটি গত বৃহস্পতিবার সকালে স্থানীয় তিন ইউনিয়নের কৃষকেরা মিলে ভেঙে দিয়েছেন। সেতুর নিচে বালুর বস্তা ফেলে যে বাঁধ দেওয়া হয়েছিল, তাও অপসারণ করেন কৃষকেরা।
ওই সেতু ও তার নিচে বাঁধের ফলে পাহাড়ি ঢলের পানি আটকে প্রায় ৮০ হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান পানিতে তলিয়ে গিয়ে এরই মধ্যে নষ্ট হয়েছে।
ধরখার, মনিয়ন্দ ও মোগড়া—এই ইউনিয়ন তিনটির কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল হাওড়া ও বিজনা নদী দিয়ে তিতাসে গড়ায়। ধরখার এলাকায় বিলে প্রায় ছয় বছর আগে একটি ইটভাটা গড়ে ওঠে। সুপার ব্রিকস নামের ইটভাটায় যাতায়াতের জন্য বিজনা নদীর ওপর অস্থায়ী সেতু নির্মাণ করা হয়। কাঠ ও গাছের খুঁটি নদীর বুকে পুঁতে ও ওপরে কাঠ ফেলে সেতুটি তৈরি করা হয়। পানির প্রবল বেগে সেতুটি যাতে ভেসে না যায়, সে জন্য গাছের খুঁটির চারদিকে বালুর বস্তা ফেলে শক্ত করা হয়।
কৃষকেরা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে সেতু এলাকায় কচুরিপানাও জমে। এতে পানি তিতাসে গড়াতে শক্ত বাধা পায়। এ কারণে বিলে অতিরিক্ত পানি জমে বিস্তীর্ণ এলাকার জমির ধান পানিতে তলিয়ে যায়।
মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামের মো. সোলাইমান মিয়া বলেন, তিন বছর আগেও একই কারণে কৃষকদের এমন ক্ষতি হয়েছিল। তখন ইটভাটার মালিকপক্ষ উপজেলা প্রশাসনের কাছে অঙ্গীকার করেছিল, নদীতে পানি চলাচলে বাধা হয়—এমন কাজ তারা করবে না।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সানু মিয়া জানান, অসংখ্য কৃষকের ক্ষতি হয়েছে। এই বাঁধ থাকলে কয়েক হাজার কৃষক সর্বস্বান্ত হবেন। তাই তাঁরা নিজেরাই সেতুটি ভেঙে দেন। নদীতে ফেলা বালুর বস্তাও সরিয়ে নেন।
সরেজমিনে দেখা গেছে, কাইক্কা, শেউলা, নাইন্দা, মান্দাইল, ডুংগাজুড়ি, ফাটা, ভাটামাথা ও কুদালকাটা বিলের বিস্তীর্ণ এলাকার ধানের জমির কোনোটা পানির নিচে, কোনোটা কিছুটা ভেসে আছে। অধিকাংশ জমিতেই আধা পাকা ধান। কৃষকেরা পানিতে নেমে কিছু পাকা ধান কেটে নিচ্ছেন।
ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম ইটভাটা এলাকায় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। বুধবার রাতে কচুরিপানা পরিষ্কার করার পরও খুব একটা কাজ হয়নি। এ কারণে কৃষকেরা নিজেরাই পানি চলাচলের বাধা সরিয়ে দিয়েছেন।
ইটভাটাটির মালিকদের একজন স্বপন দে প্রথম আলোকে বলেন, সেতুটি কৃষকদের উপকারে আসত। নিচে পানি চলাচলের ব্যবস্থাও ছিল। চৈত্রের এই সময়ে উজান থেকে এত বেশি ঢলের পানি নামবে, তা তাঁরা বুঝতে পারেননি। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব প্রথম আলোকে বলেন, অনুমতি ছাড়াই নদীতে ওই সেতুটি তৈরি করা হয়। সেখানে পানি আটকেই কৃষকের ক্ষতি হয়েছে। কতজন কৃষকের ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।