বিজয় দিবস ঘিরে 'হামার কুড়িগ্রামে'র আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলা পুলিশের আয়োজনে ‘হামার কুড়িগ্রাম’ বিষয়ে এ আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় পুলিশ লাইনস স্কুলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগীর মধ্যে উলিপুর উপজেলার শৌখিন আলোকচিত্রী নাঈম সিদ্দিক জেলার প্রকৃতি নিয়ে ছবি তুলে প্রথম পুরস্কার পেয়েছেন। গ্রামীণ জীবনের ছবি তুলে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন রেডিও চিলমারীর কুড়িগ্রাম প্রতিনিধি ভুবন কুমার শীল এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন রাজু আহমেদ। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ১৫ হাজার, দ্বিতীয় ১০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আইনজীবী আহসান হাবীব নীলু, আবদুল হাই সরকার, শওকত আলী সরকার প্রমুখ।

*আশিকুর রহমান: কথাবন্ধু, কমিউনিটি রেডিও চিলমারী