সোহ্রাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় শুরু হয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। আবারও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইবার আয়োজন করেছে বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটি।
বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বারাকাত। তিনি বলেন, দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
উদ্বোধনের পর থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমাদের সংস্কৃতি’। বিকেল চারটা ৩১ মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পর চারটা ৪৫ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী।
বিকেল চারটা ৪৭ মিনিট থেকে পাঁচটা ১৫ মিনিট পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা গাইবেন মুক্তিযুদ্ধের গান। বিকেল পাঁচটা ২০ মিনিটে ফোটানো হবে আতশবাজি। পাঁচটা ৪০ মিনিট থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে ‘কনসার্ট ফর ফ্রিডম’।
এক সাংবাদিক জানতে চান কেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে প্রধান উপদেষ্টা রাখা হয়নি? এর উত্তরে আবুল বারাকাত বলেন, তাঁকে দুই কারণে রাখা হয়নি। প্রধান কারণ সম্প্রতি একটি বইয়ে তিনি এমন তথ্য দিয়েছেন, যা বেশির ভাগ মুক্তিযোদ্ধা মনে করে সঠিক নয়। এ ছাড়া তিনি শারীরিকভাবেও অসুস্থ।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তৈরি করা বিজয় দিবস উদ্যাপন জাতীয় কমিটির মিডিয়া সেলের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার, উদ্যাপন কমিটির সদস্য ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর প্রমুখ৷