বিজয় দিবসে, বড় আশা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ হাবিবুর রহমান
মুহাম্মদ হাবিবুর রহমান

বিংশ শতাব্দীর প্রথমার্ধের এক চমকপ্রদ ঘটনা বাংলাদেশের অনগ্রসর মুসলমান সম্প্রদায়ের উত্থান। পাঁচ দশকের মধ্যে সেই সম্প্রদায় আত্মনিয়ন্ত্রণের দাবিতে ১৯৪০ সালে পাকিস্তান চেয়েছে এবং ১০ বছর পার হতে না-হতেই তা অর্জন করেছে। 
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের ঘটনা আরও চমকপ্রদ। বাংলার জন্য অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা এবং অধিকতর স্বায়ত্তশাসনের দাবি ২৫ বছরের মধ্যে সার্বভৌম স্বাধীনতার সংগ্রামে রূপান্তরিত হয়। ইতিমধ্যে রাজনৈতিক অস্থিরতা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
১৯৪৭ থেকে আজ পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পালাবদল সব সময় ভয়ানক নিম্নচাপের সৃষ্টি করে। বাংলাদেশকে যে ‘রক্তাক্ত উত্তরাধিকার’ বলে অভিহিত করা হয়েছে, তা শান্তিপ্রিয় নাগরিকের কাছে মোটেও স্বস্তিব্যঞ্জক নয়। গানপাউডার ও পেট্রলবোমায় ইদানীং যে বীভৎস মৃত্যুর ঘটনা ঘটেছে, তা দুর্বৃত্তদের সর্বশেষ বিদগ্ধ মারণাস্ত্র।
সন্ত্রাস ও সহিংসতা দিনে দিনে অধিকতর ক্রূর, নির্দয় ও অমানবিক রূপ ধারণ করছে। আমরা এখন গুলি-বোমার স্তর ছাপিয়ে গানপাউডার ও পেট্রলবোমার স্তরে এসে পৌঁছেছি। ভবিষ্যতে ন্যানো টেকনোলজির বদৌলতে সন্ত্রাসী কর্ম আরও কী ভয়ানক রূপ পরিগ্রহ করবে, আমরা জানি না। রাস্তায় হরতাল-পিকেটারদের হরতালবিরোধীরা মোকাবিলা করে কোনো কিনারাই করতে পারছে না। পথের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার জলযানের লক্ষ্য করে করা হচ্ছে। বিশাল বিশাল বৃক্ষ কেটে রাস্তায় ফেলে দিয়ে যাতায়াত বন্ধ করা হচ্ছে। রেললাইন উপড়ে ও স্টিমার-লঞ্চে আগুন দিয়ে অবরোধ সফল করা হচ্ছে। এসব মহামঙ্গলময় কাজের জন্য সন্ত্রস্ত নাগরিকদের রাজনৈতিক নেতারা অবরোধ-হরতাল সফল করার জন্য মোবারকবাদ জানাচ্ছেন। রাজনৈতিক সংস্কৃতির কী রূপান্তর! কিন্তু রাজনীতিক ছাড়া দেশের সরকার কীভাবে প্রজার সঙ্গে যোগাযোগ করবে? নানা পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, রাজনীতিকেরা যত খারাপই হোন না কেন, তাঁদের ছাড়া উপায় নেই। রাজনীতিকেরা এখন এমনই উল্টোপাল্টা দাবি করছেন যে তার ভেতরে বোঝাপড়ার কোনো অবকাশ থাকছে না। সংলাপের মাধ্যমে বিরোধ নিরসন কেমন করে হবে, তালগাছটা সংলাপের বিষয়বস্তুর বাইরে রাখতে পারলে? উপমহাদেশের ইতিহাসে সংলাপ তেমন কার্যকর হয়নি।
এক বিরাট অনিশ্চয়তার ভেতরে আমরা বিজয় দিবস উদ্যাপন করছি। স্মরণকালের একমাত্র উৎসবমুখর বিজয় দিবস ছিল ১৯৯৬ সালে। তারপর প্রায় প্রতিটি বিজয় দিবস আমরা দুর্ভোগ-দুর্ভাবনায় কাটিয়েছি। আজ থেকে ১৭ বছর আগে, ২২ জুন ১৯৯৬, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করার পূর্ব মুহূর্তে আমি আশা প্রকাশ করেছিলাম, ‘বিদায়ের মুহূর্তে রাজনৈতিক নেতাদের প্রতি আমার একটি বিশেষ আবেদন রইল। নতুন জাতীয় সংসদকে কেন্দ্র করে আপনারা এমন রাজনৈতিক রীতি-রেওয়াজ গড়ে তুলুন, যেন ভবিষ্যতে আর কোনো দিন রাজনৈতিক কোনো সমস্যা সমাধানে রাজপথের আশ্রয় নিতে না হয়, সন্ত্রাসী শক্তি পোষণ করতে না হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে মারণাস্ত্র তুলে দিতে না হয়। কিছুদিন সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে সীমাহীন অসহিষ্ণুতা দেখেছি, ভবিষ্যতেও যেন আর কাউকে অসহিষ্ণুতা ও উত্তেজনা দেখতে না হয়, তার প্রক্রিয়া সৃষ্টি করুন।’
আমার সেই আশা পূরণ হয়নি। বর্তমান অবস্থা আগের চেয়ে বিপজ্জনকভাবে সংঘাতময়।
তবু এসব দুঃখজনক পরিস্থিতিকে আমাদের মোকাবিলা করতেই হবে। এর কোনো বিকল্প নেই। বিজয় দিবসের প্রাক্কালে এ আমাদের বড় আশা, অতি শিগগির রাজনৈতিক অচলাবস্থা দূর করে দেশের রাজনীতিকেরা শান্তি-শৃঙ্খলার সঙ্গে সবার অংশগ্রহণে নির্বাচন নির্বাহ করে নবনির্বাচিত সরকারকে স্বাগত জানাবেন।

মুহাম্মদ হাবিবুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা