বিজয় দিবসে শরীয়তপুরে আ. লীগের দুই পক্ষের পৃথক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল বুধবার আলাদাভাবে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করেছে। সদর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ব্যানারে আলাদা স্থানে বিজয় দিবসের আলোচনা সভা হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটায় শহীদ মিনার চত্বরের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা তিনটায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মুন্সি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুর রব মুন্সি।
তবে পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বক্তব্য দিয়ে শহীদ মিনারে ওই আলোচনা সভার মঞ্চে যান। এ সময় সেখানে বক্তব্য দিচ্ছিলেন সাংসদ বি এম মোজাম্মেল হক। রফিকুল উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করে মঞ্চ থেকে নেমে যান। সভা শেষ হওয়া পর্যন্ত তাঁকে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে সাংসদ বি এম মোজাম্মেল হকের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল হোসেনের বিরোধ রয়েছে। এর জের ধরে পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীর দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দুই পক্ষ আলাদা প্রার্থীর নাম প্রস্তাব করে। সাংসদের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল আমীন কোতোয়াল এবং ইকবাল হোসেনের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুর রব মুন্সির নাম প্রস্তাব করা হয়। পরে কেন্দ্রীয় এক নেতার হস্তক্ষেপে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় সংগঠন। এখানে মতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু সবার একত্রে কাজ করা উচিত। আমি মেয়র পদে মনোনয়ন চেয়েছিলাম। দল অন্য একজনকে দিয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে আমি তাঁর পক্ষে কাজ করছি। অন্যরা কেন পারছে না তা জানি না।’
এ ব্যাপারে সাংসদ মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগ বড় সংগঠন। একটি জাতীয় দিবসে একাধিক স্থানে কর্মসূচি থাকতে পারে। এখানে দলে কোনো বিরোধ নেই।