বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না ইইউ রাষ্ট্রদূতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের সমন্বয় সভার ‘কারণ’ দেখিয়ে আজ ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থেকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করতে যাচ্ছেন ইইউ রাষ্ট্রদূতরা।
জানা গেছে, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাক্সের মাধ্যমে একটি কূটনৈতিক বার্তা পাঠানো হয়। ওই বার্তায় বলা হয়েছে, ইইউর একটি সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হবে। তাই বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব নয়। ওই বার্তায় স্পষ্ট করে বলা হয়নি ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বিকেলে বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান—ঠিক কোনটিতে তাঁরা যাবেন না।
সরকারি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এ খবর পাওয়ার পর সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বিষয়টি নিয়ে ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, বিজয় দিবসের সংবর্ধনা রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় এতে যোগ দেওয়ার বিষয়টি তাঁরা পুনর্বিবেচনা করতে পারেন। এমনকি সংবর্ধনায় না গেলে ভোরে স্মৃতিসৌধে যেতে তাঁদের অনুরোধ জানানো হয়। সরকারের পক্ষ থেকে এমন অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্ত পাল্টাননি ইউরোপের কূটনীতিকেরা।
জানা গেছে, ইইউর এমন অবস্থানে যে সরকার সন্তুষ্ট নয়, সেটি উল্লেখ করে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বার্তা ইইউর কাছে পাঠিয়েছে।
জানা গেছে, কূটনীতিকদের বিজয় দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ১০ ডিসেম্বর। আর গতকাল অফিস ছুটির ঘণ্টা খানেক আগে অনুষ্ঠানে আসতে ইইউর পক্ষ থেকে অপারগতা প্রকাশ করা হয়।
সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল রাতে এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে কূটনীতিকদের এমন দল বেঁধে যোগ না দেওয়ার ঘটনা নজিরবিহীন। এতে শুধু কূটনৈতিক শিষ্টাচারই লঙ্ঘন নয়, বাজে দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। কারণ, এটি রাষ্ট্রের অনুষ্ঠান, সরকারি নয়। বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে না গিয়ে জনগণের কাছে তাঁরা ভুল বার্তা দিতে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কূটনীতিক বলেন, কোনো দেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কূটনীতিকদের যোগ না দেওয়ার ঘটনা সাধারণত ঘটে না। আর বাংলাদেশে হয়েছে বলে জানা নেই। হয়তো বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দিয়ে ইইউ কূটনীতিকেরা এ বার্তাই দিতে চাইছেন সরকারের সার্বিক কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন।
প্রসঙ্গত, ঢাকায় ইইউ সদস্যদেশগুলোর মধ্যে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য ছাড়াও ইইউ মিশনের দপ্তর রয়েছে।