বিজয় সরণিতে পিকআপের ধাক্কায় লেগুনার হেলপার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় সরণি এলাকায় আজ সোমবার পিকআপের ধাক্কায় লেগুনাচালকের এক সহকারী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম ফয়সাল হোসেন (২৩)। তিনি পটুয়াখালীর কুয়াকাটা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ঢাকার খিলগাঁয়ের সিপাহীবাগ এলাকায় থাকতেন।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ সংবাদদাতা জানান, বেলা সাড়ে ১১টার দিকে লেগুনায় চড়ে গাবতলী থেকে ফার্মগেট যাচ্ছিলেন ফয়সাল। পথে বিজয় সরণিতে সিগন্যালে লেগুনাটি থামলে চালক আবুল হোসেনকে জানিয়ে রাস্তার ওপর পাশে পানি খেতে যান তিনি। পানি খেয়ে রাস্তা পার হওয়ার সময় একটির পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান চালক আবুল হোসেন ও অন্যরা। পরে সেখান থেকে একটা ৪৫ মিনিটে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে ফয়সাল মারা যান। তাঁর লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মোজাম্মেল হক প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।