হরতাল ডেকেই জামায়াত-শিবিরের ভাঙচুর

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এ তারিখ ঘোষণার পর কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।হরতাল ডাকার পরপরই রাজধানীসহ সারা দেশে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
ঢাকা
রাজধানীর বিজয়নগর এলাকায় আজ দুপুরে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এর মধ্যে পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া মিছিলকারীরা পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক রাকিবুল হাসানকে মারধর ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। হরতাল ডেকেই রাজধানীতে ভাঙচুর শুরু করে জামায়াত-শিবিরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া দুইটার দিকে বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে কস্তুরি হোটেলের সামনে পৌঁছে পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। একই সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।
পল্টন থানার উপপরিদর্শক মশিউর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কয়টি যানবাহন ভাঙচুর করা হয়েছে, এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে।’
সাতক্ষীরা
আগামীকালের হরতালের সমর্থনে আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা শহরের কদমতলা নামক স্থানে আটটি ককটেল বিস্ফোরণ, দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা এ সময় ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। পরে তাঁরা মিছিল করে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা এলাকা প্রদক্ষিণ শেষে কদমতলা বাজার এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা শিবিরের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান খান বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের খবর পেয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে কদমতলা এলাকায় পুলিশ গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান।