বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর
২৩ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর বৃহস্পতিবার সারা দেশে বিজয়া দশমীর ছুটি থাকবে। শারদীয় দুর্গোৎসবের নবমী ও দশমীর তিথি এবার একই দিনে পড়ায় বিজয়া দশমীর সরকারি ছুটি এক দিন এগিয়ে আনা হয়েছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
বৈঠক সূত্র জানায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা ঠিক মন্ত্রিসভার সিদ্ধান্ত নয়, সরকারের সিদ্ধান্ত। বিষয়টি মন্ত্রিসভায় এসেছিল, প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছেন।
চলতি বছরের সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর সরকারি ছুটির দিন ঠিক রাখা হয়েছিল ২৩ অক্টোবর। কিন্তু পঞ্জিকার তিথি অনুযায়ী ২২ তারিখ দশমীর তিথি হওয়ায় ছুটির তারিখ বদলের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা।