বিজয়ী ও বিজিত কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী ও বিজিত কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার টঙ্গীর মিলবাজার নামাপাড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন বিজয়ী মো. সেলিমের পক্ষের কামাল, আছিয়া খাতুন, আনোয়ারা বেগম ও জামাল হোসেন এবং বিজিত মো. হাসেমের পক্ষের মনির হোসেন, লাইলী, মোশারফসহ ছয়জন।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল সকালে বিজয়ী কাউন্সিলর মো. সেলিম হোসেনের সমর্থক কামালের নেতৃত্বে একদল লোক বিজিত মো. হাসেমের সমর্থক মনিরের বাড়িতে চড়াও হন। এ সময় মনিরের লোকজন জড়ো হয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। পরে টঙ্গী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে চাপাতি ও ছোরার আঘাতে আহত সাতজনকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
মো. সেলিম হোসেন জানান, নির্বাচনের আগে কামাল ও মনিরের মধ্যে ঝগড়া হয়েছে। আপস-মীমাংসার জন্য তারিখ দিয়েও হাসেম উপস্থিত হননি। তাঁর কারণেই এ ঘটনা ঘটেছে।
মো. হাসেম জানান, নির্বাচনের আগেও সেলিমের সমর্থক কামাল তাঁর কর্মীদের হুমকি দিয়েছেন। সেলিমের লোকজন গতকাল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করেছে।