বিজয়ীকে প্রতিনিধি মেনে সহযোগিতার অঙ্গীকার
প্রতিদ্বন্দ্বী অনেক। সবার দাবি, বিজয়ী হলে এলাকার মানুষের পাশে থেকে সেবা করবেন। কিন্তু প্রতি সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে জিতবেন মাত্র দুজন।
তাহলে নির্বাচনের পর পরাজিত ও বিজয়ীর ভূমিকা কী হবে—এমন প্রশ্নই একজন ভোটার করেছিলেন ঢাকা উত্তরের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের উদ্দেশে। জবাবে সব প্রার্থী মোটামুটি একমত হলেন, সবাই বিজয়ীদের নিজেদের প্রতিনিধি মেনে নিয়ে এলাকার উন্নয়নে সাহায্য করলেই সমস্যা চুকে যায়।
গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মিরপুরের গোলারটেক মাঠে ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের সাধারণ মানুষের মুখোমুখি করেছিল সুশাসনের জন্য নাগরিক সুজন। ভোটার ও প্রার্থীদের মধ্যে এসব বিষয় আলোচিত হয়।
সুজনের পক্ষ থেকে প্রত্যেক প্রার্থীকে সিটি করপোরেশনে সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচনে টাকার ব্যবহার না করা, দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হওয়া ও ভোটারদের রায় মেনে নেওয়াসহ বেশ কিছু বিষয়ে অঙ্গীকারনামা সরবরাহ করা হয়। উপস্থিত প্রার্থীরাও তাতে সই করেন।
এই দুই ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে ১২ জন এবং সংরক্ষিত আসনে আছেন ছয়জন প্রার্থী। এর মধ্যে সাধারণ চারজন এবং সংরক্ষিত দুজন প্রার্থী উপস্থিত ছিলেন।
সংরক্ষিত আসনের হোসনে আরা বলেন, নির্বাচিত হলে মানুষের সেবা দিতে গিয়ে কখনোই বিরক্ত হবেন না। আর প্রতিদ্বন্দ্বী নার্গিস জব্বার বলেন, তিনি আগেও কাউন্সিলর ছিলেন। তাই ভোটাররা জানেন, তাঁর ভালো-খারাপ সবদিকই।
১০ নম্বর ওয়ার্ড থেকে অংশ নেওয়া একমাত্র প্রার্থী নাজির চৌধুরী নিজে এবং পরিবারের সবাই শিক্ষিত দাবি করে শিক্ষার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।