বিজয়ীরা পেল বই ও ভ্রমণ প্যাকেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই আর নানা পুরস্কার হাতে অতিথিদের সঙ্গে বিজয়ীরা l ছবি: প্রথম আলো
বই আর নানা পুরস্কার হাতে অতিথিদের সঙ্গে বিজয়ীরা l ছবি: প্রথম আলো

এমন মধুর সমস্যায় বোধ হয় ওরা আগে কখনো পড়েনি। ১০ হাজার টাকার বই দুই হাতে নেওয়া কি সহজ কথা!
গত বছর মাসিক পত্রিকা কিশোর আলো আয়োজিত একটি বিশেষ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীর হাতে ৪ এপ্রিল তুলে দেওয়া হয় পুরস্কারের এই বই। বিজয়ী আরেকজন পায় ভ্রমণ প্যাকেজ। বিজয়ীরা পুরস্কার নিতে এসেছিল কিশোর আলো কার্যালয়ে।
এক্সিম ব্যাংকের সৌজন্যে ১০ হাজার টাকার বই পেয়েছে ফাইরোজ হুমাইরা, হুমায়রা আজাদ, মো. রাইয়ান, ফারিয়া আক্তার, জুনায়েদ বিন রহিম, মানসুরা ইসলাম, মারজান ইসলাম, সাফওয়ানা তাসনিম, নূর হোসেন ও তোশিবা কামরুজ্জামান। এ ছাড়া গাইড টুরসের সৌজন্যে বিশেষ পুরস্কার—পরিবারের সবাই মিলে বান্দরবানে দুই রাত-তিন দিন কাটানোর বিশেষ ভ্রমণ প্যাকেজ জিতেছে সৈয়দ রায়ানা সাবরিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিশোর আলোর নির্বাহী সম্পাদক সিমু নাসের বলেন, ‘জরিপের মাধ্যমে আমরা পাঠক ও তাঁদের অভিভাবকদের কাছে জানতে চেয়েছিলাম, কিশোর আলোতে তাঁরা কী কী দেখতে চান। সে অনুযায়ী আমরা পত্রিকাটা সাজানোর চেষ্টা করছি।’
পুরস্কার পেয়ে স্যার জন উইলসন ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সাফওয়ানা তাসনিম বলছিল, ‘অনেকগুলো বই পেয়েছি। আমি ভীষণ খুশি। বাসায় গিয়েই আগে দেখব, বইগুলোর মধ্যে কোনো ভূতের গল্প আছে কি না। আমার ভূতের গল্প বেশি ভালো লাগে।’
এত বই বাসার অন্য বইগুলোর সঙ্গে যোগ হলে ছোটখাটো একটা লাইব্রেরি হয়ে যাবে ভেবেই রোমাঞ্চিত চাঁদপুর থেকে আসা জে বি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র মো রাইয়ান। বলছিল, ‘এখন আমার কাছে সব মিলিয়ে ১০০টা বই তো হবেই।’
পুরস্কার বিতরণ শেষে কিশোর আলো সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমরা একবার সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়েছিলাম। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ভালো ক্রিকেটার হতে হলে ছোটদের কী করা উচিত। সাকিব আল হাসান বলেছিলেন, “ক্রিকেটার হতে হবে এমনটা ভেবে খেলার দরকার নেই। বিকেলবেলা খেলার সময় হলে খেলা শুরু করে দাও।” তাঁর উপদেশটা তোমাদের মনে রাখতে হবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। শুধু জিপিএ–৫ পেলেই হবে না, প্রচুর বই আর কিশোর আলো পড়তে হবে।’
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, ‘অনেক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে মেডেল বা সম্মাননা দেওয়া হয়। এখানে বই দেওয়া হচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার।’
পুরস্কারের বাইরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় কিশোর আলোর চলতি সংখ্যা, দুটি করে রিস্টব্যান্ড, স্টিকার ও সুদৃশ্য বাটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইড টুরসের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ মো. আল ইমরান ও আনাসতাসিয়া মানখিন।