বিজি প্রেসের কর্মীকে খুঁজছে ডিবি
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) মুদ্রণ শাখার আরও কয়েকজন কর্মচারী এবং স্কুলশিক্ষকের জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় রিমান্ডে থাকা নয়জনকে জিজ্ঞাসাবাদে গতকাল শুক্রবার ডিবি এ তথ্য পায়।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তার মোড়-সংলগ্ন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা নয়জনকে গত বৃহস্পতিবার এক দিন করে রিমান্ডে নেওয়া হয়। গতকাল ছিল রিমান্ডের শেষ দিন। আজ শনিবার তাঁদের আদালতে হাজির করা হবে। রিমান্ডে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, এতে বিজি প্রেসের কয়েকজন কর্মচারী ও একজন স্কুলশিক্ষক জড়িত আছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহিদুজ্জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে নাম আসা বিজি প্রেসের কর্মচারীদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। এতে সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের আইনের আওতায় নেওয়া হবে। তিনি বলেন, প্রশ্নপত্রের ফাঁসের হোতা বিজি প্রেসের কর্মচারীকে খুঁজছে ডিবি। তিনি গ্রেপ্তার হলে পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার হবে।