দেশের পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ কাদের প্রতিনিধিত্ব করছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে গতকাল শনিবার অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে। প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই গোলটেবিল বৈঠকে হোসেন জিল্লুর বলেছেন, ‘বিজিএমইএ কাদের প্রতিনিধিত্ব করছে, সেটা একটা প্রশ্ন। যাঁরা কারখানার পরিবেশ উন্নত করছেন না, সস্তা শ্রমভিত্তিক পোশাক কারখানা চালাচ্ছেন, রাজনৈতিক যোগসাজশও তাঁরাই করছেন। বিজিএমইএ তাঁদেরই প্রতিনিধিত্ব করছে।’ তিনি বলেন, রানা প্লাজা ধসের পরও পোশাক খাতের রপ্তানির প্রবৃদ্ধি থেমে থাকেনি। কারণ, একটি উদ্যোক্তা শ্রেণি নিজের মতো করেই তাদের কারখানার পরিবেশ উন্নত করেছে। কিন্তু বিজিএমইএ এসব উদ্যোক্তার প্রতিনিধিত্ব করছে না।
নাগরিক সংগঠন দি ঢাকা ফোরাম এবং গবেষণা সংস্থা চিন্তার চাষ ‘পোশাকশিল্পের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে হোসেন জিল্লুর রহমান বলেন, তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের পক্ষে সরকার, বিজিএমইএ কেন দাঁড়াচ্ছে, সে প্রশ্নও তোলা দরকার। নৌপরিবহনমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘হঠাৎ করে পোশাক খাতে সরকারের একজন মন্ত্রীকে জড়িত হতে দেখলাম, যিনি একজন শ্রমিকনেতাও। শ্রম খাতে যাঁর আসার কোনো প্রয়োজনই নেই।’
ঢাকা ফোরামের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, পোশাক খাতে রপ্তানির প্রবৃদ্ধি হবে, বৈদেশিক মুদ্রা আসবে। কিন্তু এ থেকে যদি শ্রমিকেরা কোনো সুবিধা না পান, তাহলে তো হবে না।
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পোশাক খাতে কী কী সমস্যা আছে, সে বিষয়ে গভীরভাবে গবেষণা করার উদ্যোগ নিতে হবে বিজিএমইএকে। গত ২৫ বছরে এ খাতে যত দুর্ঘটনা ঘটেছে, সেই প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখতে হবে যে এসবের জন্য কারা দায়ী। এটা করতে পারলে সমস্যা চিহ্নিতও হবে, এর সমাধান করাও সহজ হবে। তোবা গ্রুপের অনশনরত শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিকেরা ১০ দিন ধরে খাননি। তার ওপর খেয়েছেন মার। এটা কেমন কথা?’
বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘পোশাকশিল্পকে ধ্বংস করতে যারা কাজ করবে, তাদের বিচার হওয়া উচিত। মালিক হিসেবে আমিও যদি ভুল করি, আমারও শাস্তি হওয়া উচিত।’ পোশাক খাত থেকে পাঁচ হাজার কোটি (৫০ বিলিয়ন) ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি বলেন, ‘এখন যদি কোনো যন্ত্রপাতি আমদানি না-ও করা হয়, তাহলেও প্রতিবছর পোশাক রপ্তানিতে ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে। তাই ৫০ বিলিয়ন রপ্তানি হতে পাঁচ থেকে সাত বছর লাগবে।’
নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক পদ্মা সেতু প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে এটা শীর্ষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প হওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক কারণে এটা করা হয়েছে। কিন্তু রাজনীতিবিদেরা এ থেকে লাভবান হয়েছেন কি না, জানি না। আমার মনে হয়, ক্ষতিগ্রস্তই হয়েছেন।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) কত ধরনের শুমারি করে। কিন্তু এত বছরেও পোশাক খাত নিয়ে তাদের কোনো শুমারি নেই।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুব জামিল বলেন, কোনো শ্রমিকই তার নিজের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায় না। কিন্তু তার পরও শ্রমিকদের কারখানা ভাঙচুর করতে দেখা যাচ্ছে। কারণ, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হচ্ছে না। আবার এখন শ্রমিকদের যেসব সংগঠন আছে, সেগুলোকে রাজনীতি গ্রাস করে নিয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে ট্রেড ইউনিয়ন কোনো ভীতির বিষয় না।
শ্রম আইন অনুযায়ী, কারখানার নিট মুনাফার দশমিক ৫ শতাংশ কল্যাণ তহবিলে রাখার কথা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘কল্যাণ তহবিলে যদি মুনাফার অংশ রাখা হতো, তাহলে দেলোয়ারকে মুক্ত করতে হতো না। বিজিএমইএকেও নাটক করতে হতো না।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নতুন মজুরি কার্যকর করার পর শ্রমিকদের ওভারটাইম কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগে ওভারটাইমে যা কাজ করতে হতো, এখন তা নির্ধারিত সময়েই করার নির্দেশ দেওয়া হচ্ছে। এতে তাঁদের ওপর চাপ বাড়ছে। উৎপাদনশীলতা বাড়াতে হবে দক্ষতা বাড়ানোর মাধ্যমে, চাপ দিয়ে নয়।
গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তার বলেন, ‘শ্রমিকনেতারাও ভাগ হয়ে গেছেন। কেউ প্যাকেট নেন, কেউ নেন না। আমাদের মতো যাঁরা প্যাকেট নেন না, তাঁরা মালিকদের কাছে গ্রহণযোগ্যও না।’