বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন
রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ি খাল ভরাট করে নির্মিত বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৫ তলা ভবন অপসারণের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। সকালে ওই ভবনের (বিজিএমইএ ভবন) সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, হাতিরঝিল-বেগুনবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পে বিজিএমইএ ভবনটি ‘বেআইনি দখলদারিত্বের নির্লজ্জ প্রতীক’ হিসেবে দাঁড়িয়ে আছে।প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। তিনি তাঁদের দাবি উপস্থাপন করে বলেন, হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প যথাযথ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি ঢাকা মহানগরের সব খাল দখলমুক্ত ও উদ্ধার করার এবং ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অবিলম্বে বাস্তবায়নের দাবিও জানান।বাপার নগরায়ণ ও সুশাসন কর্মসূচি কমিটির সদস্যসচিব ইকবাল হাবিব বলেন, বিজিএমইএ ভবনটি থাকলে এ প্রকল্পে লেকের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। আর বেশি বৃষ্টি হলে লেকের পানি উপচে রাস্তা ডুুবিয়ে দেবে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। ভবনটি রেখে বিকল্প ব্যবস্থায় প্রকল্প বাস্তবায়ন করা হলে অতিরিক্ত ১০০ কোটি টাকা ব্যয়ের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ভবনটি অপসারণ করা হলে এই অপচয় থেকে দরিদ্র জাতি মুক্তি পাবে।মানববন্ধনে অন্য বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্যাপ বাস্তবায়নের কথা বলেছেন। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিজিএমইএ ভবনসহ রাজউকের অনুমোদনহীন সব স্থাপনা অপসারণ করতে হবে। তাঁরা বলেন, হাতিরঝিল-বেগুনবাড়ির আধুনিক, সুবিন্যস্ত বিনোদনবান্ধব প্রকল্প নিয়ে রাজধানীবাসীর মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্ন পূরণে বিজিএমইএ ভবন বড় বাধা। এভাবে জনগণের স্বপ্ন ভাঙতে পারে না।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সেবার নির্বাহী পরিচালক মো. নুরুদ্দিন, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান, গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, পিসের মহাসচিব ইফমা হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বিধান চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া নাগরিক উদ্যোগ, নিরাপদ ফাউন্ডেশন, ইউনাইটেড পিপলস ট্রাস্ট, সৎকার সেবা সমিতির প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।