বিজিএমইএ ভবন ঘেরাও, ভাঙচুর
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত তৈরি পোশাক মালিক সমিতির (বিজিএমইএ) ভবন গতকাল বৃহস্পতিবার আড়াই ঘণ্টা ঘেরাও করে রাখেন কয়েক শ পোশাকশ্রমিক। সরকারঘোষিত শোকের দিনে সব পোশাক কারখানা বন্ধ রাখা ও রানা প্লাজার মালিককে গ্রেপ্তারের দাবিতে ভবন ঘেরাওয়ের পর বিক্ষোভ ও ভাঙচুর করেন তাঁরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শ পোশাকশ্রমিক মিছিল নিয়ে তেজগাঁওয়ের রেইনবো ক্রসিং হয়ে বিজিএমইএ ভবনের সামনে আসেন। তাঁরা প্রধান ফটক দিয়ে বিজিএমইএ ভবনে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা ভবনটির দুই পাশের রাস্তায় অবস্থান নেন। তাঁদের একাংশ হাতে লাঠি নিয়ে কারওয়ান বাজারসংলগ্ন রেলক্রসিংয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁরা স্লোগান দেন, ‘শ্রমিক হত্যাকারীর গদিতে আগুন জ্বালো একসাথে’।একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকেরা বিজিএমইএ ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে ভবনটির বিভিন্ন তলার কাচ ভেঙে যায়। বেলা একটার দিকে বিজিএমইএ ভবনের সামনের সড়কে একটি প্রাইভেট কারে ভাঙচুর চালান তাঁরা। এ সময় পুলিশ ওই গাড়িটি রক্ষা করে। একপর্যায়ে মাছের আড়তের পাশের একটি ভবনে শ্রমিকেরা হামলা চালাতে গেলে কর্তব্যরত র্যাব সদস্যরা তাঁদের ধাওয়া দেন। এ সময় লাঠি হাতে একদল যুবক কয়েকজন পোশাকশ্রমিককে মারধর করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর অল্পসংখ্যক শ্রমিক রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বেলা দুইটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এরপর যান চলাচল শুরু হয়। বিক্ষোভ চলাকালে উদ্ভূত পরিস্থিতি নিরসনে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বিজিএমইএর বেঠক চলছিল।বিজিএমইএ ভবনের সামনে পোশাকশ্রমিক মো. মামুনের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাভারে এতগুলো মানুষের প্রাণ গেল, আমরা বিচার পাইলাম না। এর মধ্যেও গার্মেন্টস খোলা রেখেছেন মালিকেরা।’বেলা দুইটার দিকে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘সাভারে পোশাকশ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পোশাকশ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। তাঁদের দাবি অনুযায়ী সব পোশাক কারখানা বন্ধ করা হয়েছে।’