বিজিএমইএ ভবন দ্রুত সরিয়ে ফেলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতিরঝিলে নির্মিত বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছে একটি নাগরিক সংগঠন। গতকাল শুক্রবার নাগরিক সংহতি নামের ওই সংগঠন আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়েছে।রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের ওই সমাবেশে বক্তারা বলেন, আদালত বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পের মূল লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছেন। ভবনটিকে হাতিরঝিল প্রকল্পের ‘বিষফোড়া’ আখ্যায়িত করে তাঁরা বলেন, আইন অনুযায়ী ও জনস্বার্থে ভবনটি এখান থেকে সরিয়ে ফেলতে হবে।সমাবেশে বিজিএমইএ ভবন নিয়ে নাগরিক সংহতির করা জনমত জরিপের ফল তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। তিনি বলেন, গত ২৫ ও ২৬ জানুয়ারি হাতিরঝিল প্রকল্পে বেড়াতে আসা এক হাজার দর্শনার্থীর কাছে আটটি প্রশ্ন করে মতামত যাচাই করা হয়। ১৬ বছরের বেশি বয়সী ওই উত্তরদাতাদের শতভাগই ভবনটি অপসারণের পক্ষে মত দেন।সমাবেশে আরও বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মশিহউদ্দিন শাকের, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, ম ইনামুল হক প্রমুখ।