বিজিএমইএ ভবন ভাঙতে রাজউকের আগাম প্রস্তুতি

রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬তলা ভবনটি ভাঙার জন্য আগাম প্রস্তুতি শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এর অংশ হিসেবে ভবন ভাঙার ব্যয় ও এটি ভাঙতে কত সময় লাগবে—তার ধারণা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজউকের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।
গতকাল সোমবার রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভবনটি ভাঙার জন্য প্রয়োজনীয় লোকবল, অভিজ্ঞতা কিংবা আধুনিক যন্ত্রপাতি কোনোটিই আমাদের নেই। এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দরপত্রের মাধ্যমে বাছাই করা কোনো প্রতিষ্ঠানকে ভবনটি ভাঙার দায়িত্ব দেওয়া হবে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এর প্রশাসনিক প্রক্রিয়া আমরা শুরু করেছি।’
২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে। গত ২ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বিজিএমইএর আপিল আবেদন খারিজ করে দেন। সর্বশেষ ৮ নভেম্বর আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে বিজিএমইএকে তাদের ১৬তলা ভবনটি ৯০ দিনের মধ্যে নিজ খরচে ভাঙার নির্দেশ দেওয়া হয়।
আপিল বিভাগের রায়ে বলা হয় বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল জলাভূমিতে অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্স নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে দিতে নির্দেশ দেওয়া হলো। এ ক্ষেত্রে ভবন ভাঙার খরচ আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা।
তবে পাঁচ দিন পরও পূর্ণাঙ্গ রায় এখন পর্যন্ত রাজউকের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন সংস্থাটির সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ এবং এস্টেট ও ভূমি) আসমাউল হোসেন। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়ের কপি দেখে তাঁরা আগাম প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি, বিজিএমইএ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবে। কিন্তু আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখছি।’
‘যৌক্তিক’ সময় চাইবে বিজিএমইএ: ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলেও বিজিএমইএর নেতারা এখনো তাঁদের পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করেননি। গতকাল প্রথম আলোর কাছে সংগঠনের তিনজন সহসভাপতি এমন দাবি করেছেন। তবে তাঁরা বলেছেন, অবশ্যই রিভিউ আবেদন করবে বিজিএমইএ। অবশ্য সংগঠনের সাবেক সভাপতিসহ বর্তমান পরিচালনা পর্ষদের একটি জরুরি বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত হবে, ভবন বিষয়ে বিজিএমইএ কীভাবে এগোবে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আমরা অবশ্যই আদালতে রিভিউ আবেদন করব। সেটি আমাদের পক্ষে না-ও আসতে পারে। সে জন্য রিভিউ আবেদনের সঙ্গে আমরা ভবনটি ছাড়ার জন্য একটা যৌক্তিক সময় চাইব। কারণ, দেশের প্রধান রপ্তানি আয় পোশাক খাত থেকে আসে। একটা জায়গায় স্থানান্তর না করে বিজিএমইএ ভবন ভাঙলে তো পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।’ আদালতের কাছে কত দিন সময় চাইবেন জানতে চাইলে তিনি বলেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি ভবন করতে গেলে ন্যূনতম আড়াই থেকে তিন বছর প্রয়োজন হবে। তার আগে জমিও তো পেতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, ২ জুন বিজিএমইএর আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সংগঠনের নেতারা ভবনটি বাঁচাতে সরকারের ঊর্ধ্বতন মহলে অনুরোধ করেও ইতিবাচক সাড়া পাননি। তারপরই নতুন ভবন নির্মাণের জন্য বিজিএমইএর নেতারা তেজগাঁও শিল্প এলাকা, আগারগাঁও, পূর্বাচল ও উত্তরায় সরকারি খাসজমির খোঁজখবর নেন। শেষ পর্যন্ত উত্তরা তৃতীয় পর্যায়ে চারটি প্লটে থাকা ১০ বিঘা আয়তনের জমি মেলে। জুলাই মাসে জমিটি সরেজমিনে দেখেও এসেছেন সংগঠনের শীর্ষ নেতারা।
নতুন ভবন নির্মাণ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাছির বলেন, ‘আইনি প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি। তারপরও আমরা জমি খুঁজছি। কয়েকটি জায়গা দেখেছি। তবে এখনো জমি চূড়ান্ত করতে পারি নাই।’ অবশ্য তিনি বলেন, নতুন ভবন নির্মাণের জন্য উত্তরার জমিটিই এখনো পছন্দের তালিকায় ওপরের দিকে আছে।