বিজিএমইএ ভবন ভাঙতেই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিল এলাকায় বিজিএমইএ ভবন l ছবি: প্রথম আলো
হাতিরঝিল এলাকায় বিজিএমইএ ভবন l ছবি: প্রথম আলো

জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙতে পাঁচ বছর আগে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মিত তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এই ১৪ তলা ভবনটি ভেঙে ফেলতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিজিএমইএর আপিল আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন। আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও কামরুল হক সিদ্দিকী।
গতকাল আপিল আবেদনের শুনানিতে কামরুল হক সিদ্দিকী বলেন, সব আইন অনুসরণ করে
বিজিএমইএ ভবন নির্মাণ করেছে। তারপরও হাইকোর্ট ভবনটি ভাঙার নির্দেশ দিয়েছিলেন। হাতিরঝিল প্রকল্প শুরু হওয়ার আগেই এই ভবনটি নির্মাণ করা হয়। তাই প্রকল্পের সঙ্গে ভবনটির কোনো সম্পর্ক নেই। এসব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে আপিলের অনুমতি দরকার।

এরপর জমির মালিকানা স্বত্ব ও জমির প্রকৃতি নিয়ে নানা প্রশ্ন করেন আদালত। একপর্যায়ে আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চান, জমির মালিকানা না থাকা সত্ত্বেও রাজউক কীভাবে বিজিএমইএকে ভবন নির্মাণের অনুমতি দিল? মাহবুবে আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। শুনানি শেষে আদালত বিজিএমইএর আপিল আবেদন খারিজ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবনটি নির্মাণ করা হয়েছে। ওই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনিরউদ্দিন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। রুলের চূড়ান্ত শুনানির জন্য আদালত কয়েকজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। এতে বলা হয়, ৯০ দিনের মধ্যে ভবন ভেঙে ফেলার পাশাপাশি ওখানকার জলাধারটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

হাইকোর্টের রায়ে বলা হয়, ১৯১০ সালের পর বিজিএমইএ ভবনের জমিটি রেলওয়ের জন্য অধিগ্রহণ করা হয়। ২০০৬ সালে জমিটি রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) হস্তান্তর করা হয়। কিন্তু বিজিএমইএ কর্তৃপক্ষ রাজউকে যে দলিল উপস্থাপন করেছে, তাতে ২০০১ সালে জমিটি নেওয়ার কথা বলা হয়েছে। ইপিবি কীভাবে বিজিএমইএকে জমিটি দিল, কারণ ২০০১ সালে ইপিবি ওই জমির মালিক ছিল না। স্বীকৃতভাবে এই জায়গা ছিল জলাশয়, যা বেআইনি ও অপরাধমূলকভাবে ভরাট করা হয়েছে। জমির মালিক বিজিএমইএ হলেও জলাধার আইন অনুসারে ভবন নির্মাণ করতে পারত না।

গতকাল আপিল বিভাগে বিজিএমইএর আপিল আবেদন খারিজ হওয়ার পর সংগঠনটির সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির প্রথম আলোকে বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে আপিল আবেদন খারিজ হলেও রিভিউ (পুনর্বিবেচনার আবেদন) করার একটা সুযোগ রয়েছে। আমরা এর জন্য এক মাস সময় পাচ্ছি। রিভিউয়ের আবেদনও যদি আমাদের বিপক্ষে যায়, তাহলে সেটা আমরা মেনে নেব।’

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, ১৪ তলা এই ভবনটির মোট এলাকা বা ফ্লোর স্পেস ২ লাখ ৬৫ হাজার বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার বর্গফুট বিজিএমইএর মালিকানাধীন। বাকি ১ লাখ ২৫ হাজার বর্গফুট জায়গা ৪০টির মতো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে ও ভাড়ায় দেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের কাছে জায়গা বিক্রি করা হয়েছে তাদের ব্যাপারে বিজিএমইএ কী সিদ্ধান্ত নেবে—এ প্রশ্নের জবাবে মোহাম্মদ নাছির বলেন, ‘আমরা কিন্তু জায়গাটি বিনা মূল্যে পাইনি। এটা আমাদের ইপিবির কাছ থেকে কিনে নিতে হয়েছে। এ ক্ষেত্রে আইন আমাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রেও তাই হবে।’

বিজিএমইএর কাছ থেকে জায়গা কিনে বা ভাড়া নিয়ে যাঁরা ভবনটিতে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন, তাঁদের প্রতিক্রিয়া নিতে গতকাল ভবনের বিভিন্ন তলার অন্তত ১০টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তবে কেউ এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।