বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে রুলের শুনানিতে সাত অ্যামিকাস কিউরি
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার প্রশ্নে রুল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে সাত আইনজীবীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের নাম ঘোষণা করেন। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সাত অ্যামিকাস কিউরি হলেন—আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, আক্তার ইমাম, সারা হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ও মনজিল মোরসেদ। এর আগে গত বছরের ৩ অক্টোবর হাইকোর্ট বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। রুলে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। গণপূর্তসচিব, রাজউক, বিজিএমইএর সভাপতি, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। জানা যায়, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মালিকানাধীন এই জায়গা বিজিএমইএর নিজস্ব ভবন করার জন্য বিক্রি করা হয়।