বিজিএমইএ ভবনে বৈঠক চলছে
মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার সমস্যা সমাধানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে বৈঠকে চলছে। এতে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএর কর্মকর্তারা উপস্থিত আছেন।
বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, মেরিডিয়ান ফ্যাশনস ২০-২২ শ্রমিক ছাঁটাই করে। এ জন্য শ্রমিকেরা গতকাল রাতে কারখানার মালিককে অবরুদ্ধ করে রাখেন। পরে কয়েক ঘণ্টা আলাপ-আলোচনার পর শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। তবে আজ সকালে শ্রম আইনের ১৩ ধারা অনুযায়ী তিন দিন কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা মিরপুর-১ নম্বর সড়কটি অবরোধ করেন।
মাহমুদ হাসান খান আরও বলেন, ‘সমস্যা সমাধানে মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে বিজিএমইএ কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। আশা করছি, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং শ্রমিকেরাও আন্দোলন প্রত্যাহার করবেন।’
বিজিএমইএ সূত্র জানায়, মেরিডিয়ান ফ্যাশনস বিজিএমইএর সদস্য কারখানা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাছির আলম। ২০০১ সালে তিনি কারখানাটি প্রতিষ্ঠা করেন। এখানে সাড়ে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
আরও পড়ুন...