বিজিএমইএ ‘না’ করলেও চালু রাখেন মালিকেরা
সাভারের রানা প্লাজায় অবস্থিত পাঁচটি পোশাক কারখানার মালিকেরা গত পরশু ভবনে ফাটলের কথা জানিয়েছিলেন বিজিএমইএকে। বিজিএমইএ এ পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের একটি দল পাঠিয়ে ভবন পরীক্ষা করায়। তারপর মালিকদের মৌখিকভাবে কারখানা বন্ধ রাখার নির্দেশও দেয়। কিন্তু শোনেননি মালিকেরা।বিজিএমইএর নির্দেশনা ছিল, বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে ভবন পরীক্ষা-নিরীক্ষার পর কারখানা চালু করা যাবে। কিন্তু তাতে কাজ হয়নি। কারখানার মালিকেরা ভবন-মালিকের পরামর্শ অনুসারে কারখানা চালু রাখেন। ভবনের মালিক স্থানীয় কোনো একজন প্রকৌশলীকে এনে ভবনে কোনো সমস্যা হয়নি বলে জানিয়ে দেন। বলা হয়, সমস্যা হয়েছে পলেস্তারাতে। তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে সমিতির সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘ভবন ফাটলের কথা শুনে আমরা মৌখিকভাবে কারখানা বন্ধ রাখতে বলেছিলাম। কিন্তু তার পরও আমাদের না জানিয়ে কার নির্দেশে কারখানা খোলা হলো, সেটি আমরা তদন্ত করে দেখব।’ ভবনের মালিক কিংবা কারখানার মালিক যে-ই এ ঘটনার জন্য দায়ী হন, তাঁকে আইনের আওতায় নেওয়ার দাবি করেন তিনি। বিজিএমইএ জানায়, রানা প্লাজার পাঁচ কারখানায় তিন হাজার ১২২ জন পোশাকশ্রমিক কাজ করেন। এর মধ্যে ইথারটেক্সে কাজ করেন ৩৭৭ জন এবং নিউ ওয়েভ বটমস্ লিমিটেডে ৫২৬, নিউ ওয়েভ স্টাইল লিমিটেডে এক হাজার ৭৩, ফ্যানটম অ্যাপারেলসে ৭৩৯ এবং ফ্যানটম ট্যাকে ৪০৭ জন শ্রমিক। তবে গতকাল সকালে এসব কারখানায় কতজন শ্রমিক কাজ করছিলেন এর কোনো তাৎক্ষণিক হিসাব দিতে পারেননি বিজিএমইএ সভাপতি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভবনের ধসের ঘটনায় দুই মালিক আহত হয়েছেন।সাভারের ঘটনাকে পোশাকশিল্পের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘তাজরীনের অগ্নিদুর্ঘটনার পর যখন আমরা উঠে আসার প্রক্রিয়ার মধ্যে তখনই আরেকটি দুর্ঘটনা ঘটল। আমরা স্তম্ভিত। আমরা গভীরভাবে মর্মাহত।’ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, সালাম মুর্শেদী, বর্তমান সহসভাপতি এস এম মান্নান, রিয়াজ-বিন-মাহমুদ, মো. শহিদউল্লাহ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশ্নের জবাবে সাবেক দুই সভাপতি জানান, বিদেশি ক্রেতারা তাঁদের ফোন করছেন। কিন্তু এখন তাঁরা বেশি মনোযোগী প্রাথমিকভাবে সংকট উত্তরণে। পরে ক্রেতাদের পরিস্থিতির বর্ণনা করলে তাঁরা দুর্ঘটনার বিষয়টি বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন সাবেক দুই নেতা।ভবনের সবগুলো কারখানায়ই কমপ্লায়েন্ট বা ভালো কর্মপরিবেশ ছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিজিএমইএ সভাপতি। তবে ভবনের নিচতলা থেকে কয়েক তলা পর্যন্ত দোকান আর মার্কেট রেখে কীভাবে কমপ্লায়েন্ট হয়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ফ্যানটমের কারখানায় স্পেনের একটি প্রতিষ্ঠানের কাজ করা হয়। তারা কারখানাটিকে কমপ্লায়েন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ওয়াল-মার্টের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আবার এসব কারখানাকে স্বীকৃতি বা কাজ কোনোটাই দেবে না।সভাপতি আরও জানান, মুমূর্ষু রোগীদের জন্য ঢাকায় বিজিএমইএ কার্যালয় ও সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালু করেছেন তাঁরা। আহত ব্যক্তিদের সুচিকিৎসা, পর্যবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে তিনটি কমিটি করেছে বিজিএমইএ। বিজিএমইএর অতিরিক্ত সচিব জগলুল হায়দারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসা ও পুনর্বাসনে। যোগাযোগের ফোন নম্বর ০১৮১৭০৪৪৬৭৭।এ ছাড়া বিজিএমইএ ভবন ও সাভারে রানা প্লাজার পাশে দুটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। তথ্যকেন্দ্রের তত্ত্বাবধানে আছেন বিজিএমইএর উপসচিব এ কে এম শাহজাহান। তাঁর ফোন নম্বর ০১৭১৮৩৭৯৭৮৯।