বিজিএমইএকে ভবন ভাঙতে হবে নিজ খরচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) তাদের ১৬ তলা ভবনটি ৯০ দিনের মধ্যে ভাঙতে হবে নিজ খরচে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিজিএমইএর করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা এসেছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায়টি প্রকাশিত হয়।

রায়ে বলা হয়, ‘বেগুনবাড়ী খাল’ ও ‘হাতিরঝিল’ জলাভূমিতে অবস্থিত ‘বিজিএমইএ কমপ্লেক্স’ নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমই) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হলো। এ ক্ষেত্রে ভবন ভাঙার খরচ আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা। নথি ও তথ্য বিশ্লেষণ করে রায়ে বলা হয়, ‘দেশের সব আইন লঙ্ঘন করে বিজিএমইএ ভবনটি নির্মাণ করা হয়েছে, তা বলতে আমাদের দ্বিধা নেই, যা অবিলম্বে ভেঙে ফেলার দাবি রাখে।’

সাড়ে পাঁচ বছর আগে হাইকোর্ট বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের দেওয়া রায়ে ওই ভবনকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। দুই বছর পর ২০১৩ সালের ১৯ মার্চ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বিজিএমইএর সভাপতি। এই লিভ টু আপিলের শুনানি শেষে চলতি বছরের ২ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে রায় দেন। গতকাল লিভ টু আপিল খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। রায়ে বলা হয়, হাইকোর্টের দেওয়া রায় ও আদেশের কার্যকর অংশ বহাল রাখা হলো।

আইনজীবীরা বলছেন, পরবর্তী প্রক্রিয়ায় এখন সংক্ষুব্ধ পক্ষ চাইলে রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ পাবে। রিভিউর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিজিএমইএর কৌঁসুলি ব্যারিস্টার রফিক-উল হক বলেন, মক্কেলের অভিপ্রায় অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রায়ের অংশবিশেষ: রায়ে বলা হয়, বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল প্রাকৃতিক জলাধার, যা ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (২)-এর (আরবান এরিয়া প্ল্যান) অন্তর্ভুক্ত। এই জলাধার দুটি দিয়ে এক-তৃতীয়াংশ দূষিত পানির পাশাপাশি বৃষ্টির পানি সরু নালার (ক্যানেল) মাধ্যমে নির্গমন হয়। রাজধানী ঢাকাকে জলাবদ্ধতা থেকে রক্ষায় এ দুটি জলাধারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলাধারের বৈশিষ্ট্য পরিবর্তন করে বাণিজ্যিক ভবন করা সম্পূর্ণ আইনগত কর্তৃত্ববহির্ভূত।

রায়ে বলা হয়, দুটি জলাধার ঘিরে সৌন্দর্য বাড়ানোর জন্য সরকার ১ হাজার ৪৮০ কোটি টাকার প্রকল্প নিয়েছে। এ অবস্থায় হাইকোর্টের রায় বাতিল করার বা এতে হস্তক্ষেপ করার যুক্তিসংগত কোনো কারণ দেখাতে পারেননি আবেদনকারী।

রায়ে আরও বলা হয়, ভবন নির্মাণ আইন ১৯৯৬ অনুযায়ী, রাজউক থেকে নকশা অনুমোদনের জন্য জমির মালিকানার প্রমাণপত্র দাখিল করতে হয়। জমির মালিকানা সঠিক হলে আইন অনুযায়ী রাজউক তা অনুমোদন করতে পারে। কিন্তু এ ক্ষেত্রে আলোচিত জমিটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে নিয়েছে বিজিএমইএ। অথচ ইপিবি এই জমির মালিক ছিল না। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির গত রাতে প্রথম আলোকে বলেন, ‘অবশ্যই রিভিউ আবেদন করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। শেষ পর্যন্ত আদালত যে রায় দেবেন আমরা সেটি অবশ্যই মেনে নেব।’