বিজিএমইএর প্রস্তাবই বহাল, মাতৃত্বকালীন ছুটি বাড়ল না
শ্রম আইন ২০০৬ সংশোধন করা হলেও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়নি। বিভিন্ন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে ছয় মাস করার সুপারিশ করেছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইনটির সংশোধনী প্রস্তাবে এটি গুরুত্ব পায়নি।২২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শ্রম আইন সংশোধনের প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। ফলে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাসই বহাল থাকল।সরকার সরকারি কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করেছে। ২০১১ সালের জানুয়ারি মাস থেকে এ ছুটি কার্যকর হচ্ছে। শ্রম আইন ২০০৬-এ নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস। এ পরিপ্রেক্ষিতে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা আইনটির সংশোধনী প্রক্রিয়ায় মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিলেন।বাংলাদেশ তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ এই ছুটি বাড়ানোর পক্ষে ছিল না। সংগঠনটি এক প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করে বলেছিল, মাতৃত্বকল্যাণ সুবিধা ১৬ (৮+৮) সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ করা হলে জন্মনিয়ন্ত্রণ না হয়ে তা জন্মহার বৃদ্ধিতে উৎসাহিত করবে। এ ছাড়া এ সুবিধা পাওয়ার পর কর্মীদের চাকরিতে ফিরে না আসার প্রবণতাও বাড়বে। দীর্ঘ অনুপস্থিতিতে শ্রমিকের দক্ষতা হ্রাস পাবে। শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, শ্রম আইনের সংশোধনী প্রক্রিয়ায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সুপারিশ ছিল। তবে তা এখন চার মাসই বহাল আছে। বিজিএমইএর লেবার সেলের যুগ্ম সচিব রফিকুল ইসলামও প্রথম আলোকে বলেন, আশপাশের বেশির ভাগ দেশেই নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ তিন মাস বা এরও কম।১৩টি জাতীয় শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, সরকার সব সময় মালিকপক্ষের কথাই মেনে নিতে বাধ্য হয়। শ্রমিকের কথা চিন্তা করে না। তবে সংশোধিত আইনটি জাতীয় সংসদে উত্থাপনের আগ পর্যন্ত এতে আরও সংযোজনের সুযোগ আছে।