বিজিএমইএর ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য
২৩ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘সর্বনিম্ন মজুরি পোশাকশিল্পে’ শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএ দাবি করেছে, শিরোনামটি বাস্তবতার নিরিখে অসত্য, খণ্ডিত ও উসকানিমূলক। মজুরি বোর্ড গত মে মাস পর্যন্ত ৪২টি শিল্প খাতের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, যার মধ্যে পাঁচটি খাতের মজুরি প্রস্তাবিত আছে। অন্য শিল্প খাতে নির্ধারিত ন্যূনতম মজুরির তুলনামূলক বিচারে পোশাক খাতের মজুরি সর্বনিম্ন নয়, এর চেয়ে কম মজুরিও আছে। সেই খাতগুলো হলো টি প্যাকেটিং ইন্ডাস্ট্রি: ন্যূনতম মজুরি দুই হাজার ১৬০ টাকা, দরজি কারখানা: দুই হাজার ৩২৫ টাকা, হোটেল ও রেস্টুরেন্ট: এক হাজার ৭৫০ টাকা, চিংড়ি শিল্প: দুই হাজার ৬৪৫ টাকা এবং বেকারি ও বিস্কুট কারখানা: দুই হাজার ১২০ টাকা।
চলতি বছর মজুরি বোর্ড বেশ কিছু শিল্পের ন্যূনতম মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে, যেখানে সিনেমা হল শিল্পে দুই হাজার ৬১০ টাকা, জুতা কারখানায় তিন হাজার ৬৫২ দশমিক ৫০ টাকা, জুট, প্রেস ও বেলিং শিল্পে তিন হাজার ৮৬২ দশমিক ৫০ টাকা মজুরি প্রস্তাবিত হয়েছে।
বিজিএমইএ বলেছে, শ্রম আইনে স্বাস্থ্যগত ঝুঁকি ও ক্ষতিকর বস্তু বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার প্রবণতা, কর্মপরিবেশ, কায়িক পরিশ্রম ইত্যাদি বিবেচনায় মজুরি ভিন্ন হয়ে থাকে। নির্মাণ ও ট্যানারিশ্রমিকের কর্মপ্রকৃতি, পরিবেশ ও ঝুঁকি পোশাকশ্রমিকের ঝুঁকির চেয়ে অনেক বেশি। আবার চাতালশ্রমিকের শ্রমকাল মৌসুমের ওপর নির্ভরশীল।
বিজিএমইএ বলেছে, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের মজুরির তুলনায় এসব দেশের অর্থনীতির সঙ্গে তুলনামূলক অবস্থান, বিশেষ করে মাথাপিছু আয়, জীবন যাপন ব্যয়, ব্যাংকঋণের সুদের হার ইত্যাদি বিবেচনা করা হয়নি। আবার ভারত, ভিয়েতনাম, চীন ও কম্বোডিয়ার পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনশীলতা কম।
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনে দেশের উল্লেখযোগ্য ১০টি শিল্প খাতের মধ্যে পোশাকশ্রমিকের মজুরি সবচেয়ে কম বলা হয়েছে। ৪২টি খাত প্রতিবেদনের বিষয় ছিল না। তা থাকলে অবশ্যই তাতে পোশাকশ্রমিকদের অবস্থান যা, তা-ই লেখা হতো।
বিজিএমইএর ব্যাখ্যায় যে কয়েকটি খাতের কথা উল্লেখ করেছে, সেগুলো কোনোভাবেই ৭৮ শতাংশ রপ্তানি আয়কারী পোশাক খাতের সমতুল্য নয়।
প্রতিবেদনে প্রতিযোগী দেশগুলোর পোশাকশ্রমিকদের মজুরির সঙ্গে বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরির তুলনামূলক তথ্যটি কেবল দেওয়া হয়েছে। বিজিএমইএর ব্যাখ্যা অনুসারে, একই প্রতিবেদনে তুলনামূলক অর্থনৈতিক বিশ্লেষণ করা হলে তা সংবাদপত্রের পাঠকের জন্য একটি দীর্ঘ প্রতিবেদন হতো। এই অর্থনৈতিক বিশ্লেষণ বিভিন্ন সময় গণমাধ্যমে আলোচিত হয়।