রানা প্লাজা ধস নিয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলেছেন, বিজিএমইএ নির্লজ্জভাবে ও ধৃষ্টতার সঙ্গে সব জনমত উপক্ষো করে অভিযুক্ত ‘খুনি মালিকদের’ পক্ষে অবস্থান নিয়েছে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা এ কথা বলেন।
সম্প্রতি আতিকুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে বলেছেন, রানা প্লাজার ধস আল্লাহর ইচ্ছায় ঘটেছে। এ দুর্ঘটনা এড়ানোর কোনো সুযোগ মালিকদের ছিল না।
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, এই বক্তব্য বিজিএমইএর চলমান মিথ্যাচারের আরেকটি জ্বলন্ত উদাহরণ। রানা প্লাজায় কর্মরত পোশাকশ্রমিকদের অভিজ্ঞতা এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটা প্রশ্নাতীতভাবে প্রমাণিত যে রানা প্লাজা নির্মাণে ত্রুটি ছিল, ভবনটিতে বেআইনিভাবে জেনারেটর ব্যবহার করা হয়েছিল এবং ভবনে ফাটল ধরার পরও মালিকেরা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেছেন।
বিবৃতিতে বলা হয়, একটি শাস্তিযোগ্য অবহেলাজনিত হত্যাকাণ্ডকে ‘প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহর ইচ্ছা’ বলে চালিয়ে দেওয়ার মাধ্যমে বিজিএমইএ অভিযুক্ত ‘খুনি মালিকদের’ দায়মুক্ত করার চেষ্টা করছে। এ ধরনের বক্তব্যের মাধ্যমে ন্যক্কারজনক সাফাই গাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা অবিলম্বে বিজিএমইএর সভাপতির বক্তব্য প্রত্যাহার, নিহত ও নিখোঁজদের পরিবার ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
বিবৃতিতে সই করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক গীতি আরা নাসরীন, নাট্যকার মামুনুর রশীদ, খুশী কবির, মোশরেফা মিশু প্রমুখ।