চট্টগ্রাম বন্দরে তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীদের জন্য ‘বিজিএমইএ হেল্প ডেস্ক’ বা সেবাকেন্দ্র চালু হয়েছে। গতকাল সোমবার বিকেলে বন্দর চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম এবং বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন।কর্মকর্তারা বলেছেন, এ সেবাকেন্দ্র বন্দরের সংরক্ষিত এলাকায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পাশে স্থাপন করা হয়েছে। এটি তৈরি পোশাকশিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনবে। তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীরা কোনো সমস্যার মুখোমুখি হলে এ কেন্দ্র থেকে তাঁরা দ্রুত সমাধান পাবেন। কেন্দ্রটি বন্দরে পরীক্ষামূলকভাবে চালু হওয়া স্বয়ংক্রিয় পদ্ধতির সঙ্গে সংযুক্ত করা হবে। এখানে বন্দরের পরিচালন কর্মকাণ্ডের হালনাগাদ তথ্যও পাওয়া যাবে।গতকাল সেবাকেন্দ্রটি উদ্বোধনের আগে বন্দরের সম্মেলনকক্ষে বিজিএমইএর নেতাদের সঙ্গে বন্দরের কর্মকর্তারা এক সভায় মিলিত হন। সভায় পুরো বন্দর এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার আহ্বান জানান বিজিএমইএর নেতারা।