বিজিপিকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার প্রস্তাব বিজিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার জন্য মিয়ানমারকে প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি এর পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে তারা তাদের মত জানাবে৷
১০ থেকে ১২ জুন মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত বিজিবি-বিজিপি শীর্ষ সম্মেলন বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, মিয়ানমারের বিজিপির শীর্ষ কর্মকর্তারা গত ২৭ মে সীমান্তে বিজিবি সদস্য মিজানুরকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। মিজানুর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে । বিজিবির প্রধান বলেন, সীমান্ত এলাকায় হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি ও বিজিপি একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে বিজিপি মিয়ানমারের মংডুতে ‘বর্ডার লিয়াজোঁ অফিস’ খুলবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই লিয়াজোঁ অফিস দ্রুত ব্যবস্থা নেবে।
বিজিবির মহাপরিচালক বলেন, শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি এবং মিয়ানমারের পক্ষ থেকে দুটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কী হতে পারে তার একটি মডেল প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়। মিয়ানমার কর্তৃপক্ষ প্রস্তাবটি গ্রহণ করে।