বিজিবি-আদিবাসীদের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ৫১ নম্বর মৌজার যত্ন মোহন কার্বারিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে বিজিবি-আদিবাসী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
আদিবাসীদের অভিযোগ, যে স্থানে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করা হচ্ছে তাতে অনেক পরিবার ভূমিহীন হয়ে যাবে।
বিজিবির পক্ষ থেকে আদিবাসীদের অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে কাউকে ভূমি থেকে বিতাড়িত করে বিজিবির সদর দপ্তর স্থাপন করা হচ্ছে না।
১০ জুন সন্ধ্যায় বাবুছড়ায় হেলিপ্যাডে কলাগাছ লাগানোকে কেন্দ্র করে বিজিবি, পুলিশ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ গ্রামবাসী, বিজিবি, পুলিশের ছয় সদস্যসহ ২৪ জন আহত হন।
বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া পূর্ণ কুমার চাকমা (৬৫) বলেন, ‘১০ জুন আমাদের বিজিবি মারধর করেছে। আমাদের ১৮ জন লোক আহত হয়েছে। হাসপাতাল থেকে পরিবারগুলো বাড়ি ফিরতে চাইলে বিজিবির হুমিক ও বাধার কারণে নিজ বাড়িতে যেতে পারেনি। ফলে বৃহস্পতিবার থেকে বাধ্য হয়ে বাবুছড়া উচ্চবিদ্যালয়ে শশী মোহন কার্বািরপাড়ার ছয় পরিবার, যত্ন মোহন কার্বািরপাড়ার ১৫ পরিবারসহ ২১ পরিবারের ৭২ জন সদস্য আশ্রয় নিয়েছি।’
বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ‘তাদের যদি আমার কোনো সৈনিক বাধা দিত তাহলে তারা নিজেরা অথবা জনপ্রতিনিধির মাধ্যমে আমার কাছে অভিযোগ করতে পারত। কিন্তু তারা তা করেনি। বিজিবির জন্য অধিগ্রহণকৃত জায়গায় তাদের কোনো স্থায়ী বসতি নেই। ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের বিরোধিতা করার জন্য কয়েকটি ভাসমান টংঘর তুলেছিল। সেখানে কোনো লোক থাকে না। আমরা কাউকে বাধা দিইনি, মারধরও করিনি। আমরা সম্প্রীতির জন্য কাজ করতে চাই, বিরোধের জন্য নয়। হয়তো ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে৷’