বিজিবি কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিজিবির কর্মকর্তার বাসায় রীমা আক্তার (১৫) নামের এক গৃহপরিচারিকাকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সূত্রের বর্ণনা অনুযায়ী, রীমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের স্টেশন রোড এলাকার রংমহল চত্বরে গিয়ে শেষ হয়। এখানে দুপুরে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফয়সাল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি মজনু ভুঁইয়া, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হাজি, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রীমার বাবা যশোদলের বীরদামপাড়া গ্রামের দিনমজুর আয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, রীমাকে শোলাকিয়া এলাকার এক ব্যক্তির মাধ্যমে পাঁচ মাস আগে ঢাকার পিলখানায় কর্মরত বিজিবির কর্মকর্তা লে. কর্নেল রওনক আজাদ ওরফে এ্যানির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে পাঠানো হয়। গৃহকর্ত্রী প্রায়ই রীমাকে নির্যাতন করতেন। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রীমা তাঁর বাবা-মাকে ফোনে নির্যাতনের কথা জানিয়ে তাকে বাড়ি নিয়ে যেতে বলে। বৃহস্পতিবার রাতে বিজিবি কর্মকর্তার বাসা থেকে আয়ুব আলীকে ফোন করে রীমার অসুস্থতার কথা জানানো হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় কফিনবন্দী অবস্থায় রীমার লাশ তাঁকে (আয়ুব) বুঝিয়ে দেওয়া হয়।
লাশের সঙ্গে দেওয়া ছাড়পত্রে দেখা গেছে, রীমাকে শুক্রবার মৃত অবস্থায় বিজিবি হাসপাতালে নেওয়া হয়। রীমা কোনো জীবাণুবাহিত রোগে ভোগেনি বলেও ছাড়পত্রে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে ঢাকার নিউমার্কেট থানায় শুক্রবার একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শনিবার দুপুরে কফিন থেকে রীমার লাশ বের করার পর শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন দেখে স্বজনেরা আঁতকে ওঠেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। রোববারও এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। রোববার দুপুরে রীমার দাফন সম্পন্ন হয়।
প্রতিবেশী এক নারী (৩০) বলেন, ‘রীমার গলায় ফাঁসের মতো দাগ, নিচের পাটির চারটি দাঁত ভাঙা, বাম হাঁটু ও ঠোঁটে জখম রয়েছে। মাথার পেছনে আঘাত করা স্থান থেকে রক্ত ঝরছে। দুই হাঁটু, দুই হাত এবং মাথায় সেলাই করা রয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, নিউমার্কেট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। কাজেই এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার কিছুই করার নেই।
আয়ুব আলী বলেন, ‘আমার মেয়েকে সেনা কর্মকর্তা রওনক আজাদ নির্যাতন করে মেরে ফেলেছেন। রীমা ঘটনার দুই দিন আগেও ফোন করে বলেছিল, ‘বাজান আমাকে নিয়ে যাও, তা না হলে তারা আমাকে পিটিয়ে মেরে ফেলবে।’
এ ব্যাপারে কথা বলতে লে. কর্নেল রওনক আজাদের মুঠোফোনে ফোন করলেও তিনি ব্যস্ত আছেন বলে জানানো হয়। পরে তাঁর স্বামী সাঈদ হাসান টেলিফোনে প্রথম আলোকে বলেন, রীমা আত্মহত্যা করেছে। একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অপপ্রচার চালাচ্ছে।